ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

জুলাই হত্যাকাণ্ডের মামলায় যুবলীগ নেতা সোবহান কাজী ৫ দিনের রিমান্ডে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উত্তরা থানা সহসভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবদুস সোবহান কাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন প্রথম আলোকে বলেন, মামলার ১৪ নম্বর আসামি সোবহান কাজী। আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আল আমিন খলিফা নামের এক ব্যক্তি নিহত হন এবং অনেকে আহত হন। এ ঘটনায় নিহতের বাবা বাদল খলিফা বাদী হয়ে সে বছরের ১৩ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে এবং পলাতক কয়েকজন আসামি সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন; তবে তাঁদের সঠিক পরিচয় দিতে পারেননি। আসামির নাম-ঠিকানা যাচাই এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে ৪ আগস্ট রাতে বনানী থানার স্টেশন অফিসার্স মেস-সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে সোবহান কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি, দুটি আইফোন ও তাঁর নামে ইস্যু করা পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করে পুলিশ।