
চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখন নিয়ে ছাত্রদলের নেতা–কর্মীসহ শিক্ষার্থীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। মিছিলটি ভিসি চত্বর, সূর্যসেন হল, মধুর ক্যানটিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় ছাত্রদল নেতা–কর্মীরা ‘শিক্ষা ও সন্ত্রাস, একসাথে চলে না’, ‘শিবিরের সন্ত্রাস, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ প্রভৃতি স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, দেয়াললিখনে ছাত্রদল যদি ছাত্রশিবিরের বিরুদ্ধে কোনো বাক্য লিখেও থাকে, তাহলে তারা পাল্টা একটি দেয়াললিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেয়াললিখনের প্রতিবাদে ছাত্রদলের অসংখ্য নেতা–কর্মীর ওপর হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে।
সন্ত্রাসের রাজনীতির কবর রচনা করার হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘যদি এ রকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান, তাহলে ছাত্রদলের একজন নেতা–কর্মীও ক্যাম্পাসে আপনাদের স্বাভাবিকভাবে চলতে দেবে না।’ ছাত্রশিবিরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একবার আমরা আপনাদের গুপ্ত বলেছি, সে জন্য আপনাদের গায়ে যদি এত জ্বালা ওঠে; প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদের হাজার হাজার বার গুপ্ত বলব।’
সমাবেশে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘শিবির সব সময় যেকোনো বিষয়ে নেগেটিভ ন্যারেটিভ (নেতিবাচক বয়ান) তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই—এটা অন্তর্বর্তী সরকার নয়, এটা বাংলাদেশের ৩১ দফা কর্মসূচি প্রণয়নকারী তারেক রহমানের সরকার। আমরা যদি কোনো ষড়যন্ত্রের দ্বার উন্মোচিত দেখি, তাহলে ছাত্রদল মুখে আঙুল দিয়ে বসে থাকবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ছাত্ররাজনীতির ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।