বিএনপিকে সহযোগিতার উদ্দেশ্যেই সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি

বিএনপিকে সহযোগিতা করার উদ্দেশ্যেই সরকার তাদের সমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সরকার তো কাউকে গন্ডগোল সৃষ্টির জন্য, সারা দেশ থেকে অগ্নিসন্ত্রাসীদের জড়ো করে ঢাকা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনুমতি দিতে পারে না। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ করার ক্ষেত্রে সরকার সহযোগিতা করার উদ্দেশ্যেই তাদের সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে।’

আজ বুধবার দুপুরে সচিবালয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রকাশিত ‘বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০’ ইংরেজি গ্রন্থ এবং তথ্য অধিদপ্তর  প্রকাশিত ‘সমৃদ্ধির সোপানে স্বদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এরপর বিএনপির সমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন ছিল, সেটি এগিয়ে এনে ৬ তারিখ করা হয়েছে, যাতে বিএনপি সেখানে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে। কিন্তু তাদের উদ্দেশ্য তো ভিন্ন। একটি গন্ডগোল লাগানো।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তারা যদি চূড়ান্তভাবে নয়াপল্টনেই সমাবেশ করার জন্য তাদের অবস্থান ব্যক্ত করে, সে ক্ষেত্রে সরকার কঠোর অবস্থান ব্যক্ত করবে। দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আওয়ামী লীগের নেতা–কর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। প্রয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ ও জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।’

এর আগে বইয়ের মোড়ক উন্মোচনকালে হাছান মাহমুদ বলেন, সমগ্র পৃথিবীতে খাদ্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আমাদের দেশেও বেড়েছে কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক ক্ষেত্রে কম। আর করোনা মহামারির মধ্যেই আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে ৩ হাজার ডলার ছুঁয়েছে, পদ্মা সেতু হয়েছে এবং মেগা প্রকল্প মেট্রোরেল, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের কাজও সমাপ্তির পথে। অর্থাৎ যে যা–ই বলুক, সত্যিকার অর্থেই সমৃদ্ধির সোপানে বাংলাদেশ। এবং সমৃদ্ধিকে টেকসই করতে আগামী ১০০ বা ৮০ বছর পরে আমরা বাংলাদেশকে কেমন দেখতে চাই, কী রকম হওয়া উচিত, সেই লক্ষ্যেই দূরদর্শী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করেছি।’