সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন
সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন

তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণ

প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীন কোম্পানিকে কাজ দেওয়া কেন, প্রশ্ন আখতারের

প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি জানতে চান, এই প্রকল্প বাতিল করে দেশের স্বার্থ সংরক্ষণ করে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না।

আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে বিষয়টি জানতে চান আখতার হোসেন। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিষয়টি নিয়ে নোটিশ দেওয়া হলে এর সঠিক জবাব দেওয়া হবে।

গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রকল্প অনুমোদেন দেওয়া হয়েছে উল্লেখ করে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন সম্পূরক প্রশ্নে বলেন, ‘যেই কোম্পানিটিকে অনুমোদন করা হলো, সেই চায়না সিএনইই কোম্পানি, তারা দৈনিক ক্যাপাসিটি চার্জের কথা বলছে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। আর এখন আমাদের যে দুইটা টার্মিনাল আছে, তার একটাতে চার্জ ২ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার, একটাতে ২ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার।’

আখতার বলেন, ‘এখন যে দুইটা টার্মিনাল আমাদের আছে, কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই দুইটা টার্মিনালের যে জাহাজগুলো আছে, যা কিছু আছে, সেগুলো বাংলাদেশের মালিকানায় চলে আসবে। কিন্তু যে তৃতীয় টার্মিনালটি চায়নার সিএনই কোম্পানিকে অতিরিক্ত মূল্যে দেওয়া হচ্ছে, সেই কোম্পানিটি ১৫ বছর চলে যাওয়ার পরে সেটা বাংলাদেশের মালিকানায় ফিরে আসবে না।’

আখতার হোসেন অভিযোগ করেন, চীনা কোম্পানি যে প্রস্তাবটা জমা দিয়েছে, কয়েক মাস আগে একজন সংসদ সদস্যের একটা কোম্পানির পক্ষ থেকে একই ভাষায় প্রস্তাবটি দেওয়া হয়েছিল।

আখতার বলেন, এক মাস আগে যখন ক্রয়সংক্রান্ত কমিটিতে এই প্রস্তাবটা উঠেছিল, তখন এটা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকা অবস্থায় নতুন করে ক্রয়সংক্রান্ত কমিটিতে এটি পাস করা হয়েছে।

নতুন করে যে টার্মিনাল করা হচ্ছে সেখানে প্রায় ৩৫ শতাংশ বেশি খরচ করা হচ্ছে—দাবি করে আখতার হোসেন বলেন, দেশের অর্থ অপচয় হচ্ছে, ক্ষেত্রবিশেষে সেটা লোপাট হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। তিনি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও অর্থমন্ত্রীর কাছে জানতে চান, অতিরিক্ত খরচে সিএনইইকে যে প্রকল্পটা দেওয়া হচ্ছে, সেটা বাতিল করে সত্যিকার অর্থে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না।

সংসদে তারকাচিহ্নিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সংসদ সদস্যরা। এ ক্ষেত্রে মূল প্রশ্নটি ছিল করসংক্রান্ত।

আখতারের সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আখতার হোসেনের প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। বিষয়টি নিয়ে যদি সংসদ সদস্য নোটিশ দেন তাহলে সঠিক উত্তর দেওয়া হবে।