জনগণের বিজয় ধরে রাখতে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সোমবার সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগকে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে স্বৈরাচারের পতন ও জনগণের বিজয় হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারী সব গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি, আন্দোলনকারী ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। জনগণের বিজয় যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সে জন্য দেশবাসীকে সচেতন থাকতে হবে। পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে।
বিবৃতিতে সারা দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সিপিবি।