সরকারের একতরফা নির্বাচন করার মতলব বুঝে ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন: এবি পার্টি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর প্রসঙ্গে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেছেন, সরকার যে একটা একতরফা প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে, সেই মতলব ইউরোপীয় ইউনিয়ন বুঝে ফেলেছে। আন্তর্জাতিক মহল পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন কারও কাছেই গ্রহণযোগ্য হবে না।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে মজিবুর রহমান এসব কথা বলেন। আজ শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে এবি পার্টি।

এবি পার্টির সদস্যসচিব বলেন, ‘সরকার গোয়ার্তুমি করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সুপারিশ অগ্রাহ্য করে একতরফা নির্বাচন করলে আমাদের রপ্তানিমুখী পোশাকশিল্পের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন না হলে জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে আমাদের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে প্রভাব পরতে পারে।’ এর পুরো দায় সরকারকে বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানান মজিবুর রহমান।

এ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমূল হক বলেন, এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। এবার এই সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে।

এবি পার্টির জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাতের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম প্রমুখ।