
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় গণসংহতি আন্দোলন সরকারের সমালোচনা করে গ্রেপ্তার এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে। আজ বুধবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে বলেছেন, সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতেই এসব করছে।
বিবৃতিতে হামলা বন্ধের আহ্বান জানিয়ে নেতারা বলেন, পুলিশ গুলি করে একজনকে হত্যা করেছে। বিএনপির নেতা-কর্মীদের আটক ও গ্রেপ্তারের খবর বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে। মানুষ হত্যার নির্মমতাকে সরকার নিয়মিত বিষয়ে পরিণত করতে চায়। বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় নেতাদের অফিসে ঢুকতে দিচ্ছে না। সরকার কোনো কিছুর তোয়াক্কা করছে না। সাধারণ রাজনৈতিক শিষ্টাচারকে ধ্বংস করেছে তারা।
আর নিরাপদে মিছিল সমাবেশ কার্যকর ও বাস্তবায়নের পরিবেশের দায়িত্ব সরকারের উল্লেখ করে গণসংহতি বলেছে, বিএনপির আগামী সমাবেশসহ যেকোনো সমাবেশ অনুষ্ঠান করতে দিতে হবে। নয়তো জনগণের বিশাল আন্দোলন ও অভ্যুত্থান সময়ের ব্যাপার মাত্র।