একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

ঢাকার সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে বহু মানুষের হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সারা দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক।

এর আগে গত রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ এবং গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কোম্পানিতে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

এসব ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের এ ধরনের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো ঘটনার সঠিক তদন্ত হয় না বলেও তিনি অভিযোগ করেন।

এ জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ব্যর্থতাকে দায়ী করেন।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের সরকারবিরোধী আন্দোলন যখন একটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে, সে সময় সরকারি মহল পরিকল্পিতভাবে একের পর এক এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে তিনি মনে করেন।

বিএনপির মহাসচিব বর্তমান সরকারের আমলে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।