মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। আর আগামী সপ্তাহের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী এ তথ্য জানান। বিকেল সোয়া চারটায় সংসদের অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার কায়সার কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।
সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ সম্পূরক প্রশ্নে বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও জানতে চান তিনি।
জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আগামীকালই (সোমবার) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। ইনশা আল্লাহ, আগামী সপ্তাহের শেষ দিক থেকে এ মাসের শেষ নাগাদ কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন।
মন্ত্রী বলেন, কর্মী পাঠানোর খরচ কমিয়ে ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে কিংবা সরকার নির্ধারিত ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সরকারের দায়িত্ব নেওয়ার পর গত জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছিল। এর ধারাবাহিকতায় মালয়েশিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও ২৫টি বেসরকারি এজেন্সিকে প্রসেসিং এজেন্সি বা সার্ভিস এজেন্সি হিসেবে তালিকাভুক্ত করেছে। এর সঙ্গে আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে কাজ করার সুযোগ দিয়েছে। তালিকাভুক্ত এজেন্সি নিজেদের উদ্যোগে নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে; নিজেদের চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে; বাংলাদেশে নিজেদের কর্মী নির্বাচন করতে পারবে এবং নিয়ম অনুযায়ী সেই কর্মীদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।