মানুষের মনের শূন্যতা থেকে কখনো কখনো এমন কিছু প্রতিষ্ঠান জন্ম নেয়, যারা মুখে শান্তি ও মুক্তির কথা বললেও ভেতরে গড়ে তোলে ব্যয়বহুল, গোপন ও কড়া নিয়ন্ত্রণের এক ব্যবস্থা। আধুনিক বিশ্বে এমন বিতর্কের বহুল আলোচিত নামগুলোর একটি ‘সাইন্টোলজি’।
অনুসারীদের কাছে এটি আত্মার মুক্তির পথ। যুক্তরাষ্ট্রে এটি ধর্মীয় সংগঠন হিসেবে কর-অব্যাহতিও পেয়েছে। অথচ ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো দেশে এ নিয়ে তীব্র আপত্তি আছে। আর সংগঠন ছেড়ে আসা সদস্য ও কিছু গবেষকের চোখে এটি ধর্মের পোশাক পরা এক বাণিজ্যিক প্রতিষ্ঠান।
কোন দাবি কতটা ঠিক, তা বুঝতে হলে আগে এর শুরুর গল্প আর শিক্ষার দিকে তাকানো দরকার।
আর্থার এশবাখ পরে স্মৃতিকথায় লিখেছেন, ১৯৪০-এর দশকের শেষ দিকে হাবার্ড তাঁকে খোলাখুলি বলেছিলেন, প্রচুর টাকা কামানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজের একটি ধর্ম শুরু করা।
সাইন্টোলজির প্রতিষ্ঠাতা এল. রন হাবার্ড বিশ শতকের চারের দশকে যুক্তরাষ্ট্রে সস্তা কাগজে ছাপা রোমাঞ্চকর কল্পকাহিনির (পাল্প ফিকশন) লেখক হিসেবে বেশ নাম করেছিলেন। কিন্তু লেখালেখির আয়ে তিনি খুশি ছিলেন না।
তাঁর সমসাময়িক কল্পবিজ্ঞান-লেখক ও প্রকাশক লয়েড আর্থার এশবাখ পরে স্মৃতিকথায় লিখেছেন, ১৯৪০-এর দশকের শেষ দিকে হাবার্ড তাঁকে খোলাখুলি বলেছিলেন, প্রচুর টাকা কামানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজের একটি ধর্ম শুরু করা। (লয়েড আর্থার এশবাখ, ওভার মাই শোল্ডার: রিফ্লেকশনস অন আ সায়েন্স ফিকশন এরা, অসওয়াল্ড ট্রেইন, ফিলাডেলফিয়া, ১৯৮৩)
১৯৫০ সালে হাবার্ড প্রকাশ করেন ডায়ানেটিক্স: দ্য মডার্ন সায়েন্স অব মেন্টাল হেলথ। মানসিক কষ্ট দূর করার নতুন ‘বিজ্ঞান’ হিসেবে বইটি দ্রুতই পাঠকের নজর কাড়ে, যদিও পেশাদার মনোবিজ্ঞানীরা এর দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ পাননি।
কয়েক বছরের মধ্যেই হাবার্ড মনের চিকিৎসার এই পদ্ধতিকে ধর্মের কাঠামো দেন। ১৯৫৩ সালের ডিসেম্বরে নিউ জার্সির ক্যামডেনে তিনি তিনটি সংগঠন নিবন্ধন করেন, যার একটি ‘চার্চ অব সাইন্টোলজি’।
প্রায় একই সময়ে এক বন্ধুকে লেখা চিঠিতে তিনি ‘ধর্মের দিক’ নিয়ে এগোনোর সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। পরের বছর, ১৯৫৪ সালে, লস অ্যাঞ্জেলেসে ‘চার্চ অব সাইন্টোলজি অব ক্যালিফোর্নিয়া’ যাত্রা শুরু করে। কালক্রমে সেটিই সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠান হয়ে ওঠে। (আরবান, দ্য চার্চ অব সাইন্টোলজি: আ হিস্ট্রি অব আ নিউ রিলিজিয়ন, পৃষ্ঠা: ৬৫ ও ১৫৯, প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, নিউ জার্সি, ২০১১)
সাইন্টোলজির দর্শন ভালোভাবে দেখলে মনে হয়, এটি আধুনিক বিজ্ঞানের কিছু পরিভাষা আর প্রাচ্যের পুনর্জন্মের ধারণার মিশ্রণ। এর মূল কথা হলো, মানুষ কেবল রক্তমাংসের ক্ষণস্থায়ী দেহ নয়; সে আসলে চিরস্থায়ী এক আত্মিক সত্তা, যাকে তারা বলে ‘থেটান’।
তাদের ধারণায় পদার্থ, শক্তি, স্থান ও কাল—সংক্ষেপে ‘মেস্ট’—অর্থাৎ এই মহাবিশ্ব সৃষ্টির আগেও থেটানের অস্তিত্ব ছিল।
মানুষ বারবার জন্ম নেয়, আর প্রতিটি জন্মের কষ্ট ও আঘাতের স্মৃতি, যাকে বলা হয় ‘এনগ্রাম’, তার অবচেতন মনে জমতে থাকে। তাদের মতে, এই জমে থাকা স্মৃতিই মানুষের ব্যর্থতা, ভয় ও বিষাদের মূল কারণ। সাইন্টোলজির প্রতিশ্রুতি হলো, বিশেষ পদ্ধতিতে আত্মাকে এই অন্ধকার স্মৃতি থেকে মুক্ত করে তার আদি শক্তিতে ফিরিয়ে নেওয়া।
ফরাসি সমাজবিজ্ঞানী ও তুলনামূলক ধর্মের গবেষক রেজিস দেরিকবার্গ এই কাঠামোকে ‘পশ্চাৎমুখী আদর্শলোক’ (রিগ্রেসিভ ইউটোপিয়া) বলে বর্ণনা করেছেন। এখানে মানুষ অতীতের এক নিখুঁত অবস্থায় ফিরতে চায় এবং সেজন্য কঠোর, নিয়ন্ত্রিত ও উঁচু স্তরে অত্যন্ত গোপনীয় প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়। (জ্যানেট রেইটম্যান, ইনসাইড সাইন্টোলজি: দ্য স্টোরি অব আমেরিকাস মোস্ট সিক্রেটিভ রিলিজিয়ন, পৃষ্ঠা: ৯৪, হাউটন মিফলিন হারকোর্ট, বোস্টন, ২০১১)
সাইন্টোলজির গির্জাগুলোতে রোববারের সমবেত অনুষ্ঠান যে হয় না, তা নয়; সেখানে হাবার্ডের লেখা ‘ক্রিড’ পাঠ ও বক্তৃতার আয়োজন থাকে। তবে অনুসারীর আত্মিক অগ্রগতির আসল পথ হিসেবে যা বিক্রি হয়, তা হলো ‘অডিটিং’।
এটি এক ধরনের প্রশ্নোত্তরের বৈঠক। সেখানে প্রশিক্ষিত একজন ‘অডিটর’ ‘ই-মিটার’ নামের একটি যন্ত্রের সাহায্যে অনুসারীর মনের অবস্থা দেখেন। যন্ত্রটি ত্বকের ভেতর দিয়ে সামান্য বিদ্যুৎ পাঠিয়ে বৈদ্যুতিক রোধের ওঠানামা মাপে। সংগঠনের দাবি, এতে মনের ভেতর জমে থাকা আঘাত ধরা পড়ে।
কিন্তু ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত যন্ত্রটি ধর্মীয় কাউন্সেলিংয়ে ব্যবহারের অনুমতি দিলেও শর্ত দেয়, এর গায়ে স্পষ্ট লিখতে হবে যে রোগ নির্ণয় বা নিরাময়ে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। (ইউনাইটেড স্টেটস বনাম অ্যান আর্টিকল অর ডিভাইস, ‘হাবার্ড ইলেকট্রোমিটার’, ৩৩৩ এফ. সাপ. ৩৫৭, ডি.ডি.সি., ১৯৭১)
এই সেবা বিনামূল্যে মেলে না। অডিটিং বিক্রি হয় সাড়ে বারো ঘণ্টার এক-একটি প্যাকেজে, যার নাম ‘ইনটেনসিভ’। শুরুর দিকে একটি ইনটেনসিভের দাম ৭৫০ ডলার থেকে শুরু হয়, আর উঁচু স্তরে তা আট থেকে নয় হাজার ডলারে পৌঁছায়।
মানুষ যখন জীবনের গভীর কষ্ট, অপরাধবোধ কিংবা না-বলা গোপন কথা এখানে অকপটে বলে ফেলে, তখন সে এক ধরনের স্বস্তি পায়। কিন্তু এখান থেকেই নির্ভরতা তৈরি হয়, কারণ এই সেবা বিনামূল্যে মেলে না।
অডিটিং বিক্রি হয় সাড়ে বারো ঘণ্টার এক-একটি প্যাকেজে, যার নাম ‘ইনটেনসিভ’। শুরুর দিকে একটি ইনটেনসিভের দাম ৭৫০ ডলার থেকে শুরু হয়, আর উঁচু স্তরে তা আট থেকে নয় হাজার ডলারে পৌঁছায়। (রেইটম্যান, ইনসাইড সাইন্টোলজি, পৃষ্ঠা: ৯৮,)
এ নিয়ে আদালতের রেকর্ডও আছে। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে অডিটিং ও প্রশিক্ষণের জন্য দেওয়া অর্থকে ‘দান’ নয়, বরং সেবার নির্দিষ্ট দাম হিসেবে ধরে। চার্চের নিজস্ব মূল্যতালিকা ও ‘সেবার বিনিময়ে অর্থ’ নীতিই সেখানে বিবেচনায় ছিল। (হার্নান্দেজ বনাম কমিশনার অব ইন্টারনাল রেভিনিউ, ৪৯০ ইউ.এস. ৬৮০, ১৯৮৯)
অর্থাৎ ধর্মীয় সেবার একটি নির্দিষ্ট দাম ঠিক করা ছিল, যা প্রচলিত ধর্মীয় দানের ধারণা থেকে মৌলিকভাবে আলাদা। সাবেক সদস্যদের অভিযোগ, ধাপে ধাপে ওপরে ওঠার এই পথে অনেকে সঞ্চয়, সম্পত্তি, এমনকি চড়া সুদের ঋণের বোঝায় নিঃস্ব হয়েছেন।
সাইন্টোলজির ভেতরের ‘সত্য’ শুরুতেই সবার সামনে খোলা হয় না। বছরের পর বছর ও অনেক অর্থ খরচের পর অনুসারী যখন উঁচু ধাপে পৌঁছান, তখন তাঁর সামনে খোলা হয় এক মহাজাগতিক কাহিনি। চার্চ এ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত বলে না; একে তারা সংরক্ষিত ধর্মীয় শিক্ষা মনে করে।
ফাঁস হওয়া নথি ও সাবেক সদস্যদের বর্ণনা অনুযায়ী, হাবার্ড দাবি করেছিলেন, প্রায় সাড়ে সাত কোটি বছর আগে ‘যেনু’ নামের এক মহাজাগতিক শাসক ছায়াপথের ৭৬টি গ্রহ শাসন করতেন। জনসংখ্যার চাপ কমাতে তিনি কোটি কোটি প্রাণীকে অবশ করে পৃথিবীতে এনে আগ্নেয়গিরির ভেতরে ও আশপাশে রাখেন এবং হাইড্রোজেন বোমায় ধ্বংস করেন।
বোমার আঘাতে এদের আত্মা, অর্থাৎ থেটান, বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। পরে এক বিশাল বৈদ্যুতিক ফাঁদে আটকে তাদের এমনভাবে বিভ্রান্ত করা হয় যে, তারা নিজেদের আসল পরিচয় ভুলে যায়।
হাবার্ডের মতে, সেই বিভ্রান্তির ফলেই মানবজাতির স্মৃতিতে ‘ঈশ্বর’, ‘যিশু’ কিংবা ‘ধর্মীয় ভক্তি’র মতো ধারণা বসে গেছে। (লরেন্স রাইট, গোয়িং ক্লিয়ার: সাইন্টোলজি, হলিউড অ্যান্ড দ্য প্রিজন অব বিলিফ, পৃষ্ঠা: ৯১, আলফ্রেড এ. নফ, নিউ ইয়র্ক, ২০১৩)
এই বিশ্বাসে ঈশ্বরের ধারণাকে কৃত্রিমভাবে বসানো মিথ্যা স্মৃতি বলা হচ্ছে, যা ইসলামসহ সব আসমানি ধর্মের মৌলিক বিশ্বাসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ভাবনার বিষয় হলো, যে অনুসারী ঈশ্বরে বিশ্বাস নিয়েই আত্মিক শান্তির খোঁজে এসেছিলেন, তিনি এই ধারণার মুখোমুখি হন কেবল অনেক বছর ও বিপুল অর্থ খরচের পর।
১৯৭০-এর দশকের মাঝামাঝি সাইন্টোলজির গোয়েন্দা শাখা ‘গার্ডিয়ান’স অফিস’ ‘অপারেশন স্নো হোয়াইট’ নামে এক অভিযান চালায়। এর আওতায় সংগঠনের কর্মীরা যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তরে গোপনে ঢুকে নিজেদের সম্পর্কে থাকা হাজার হাজার নথি সরিয়ে ফেলে।
১৯৭৭ সালের ৮ জুলাই এফবিআই লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনে সংগঠনের কার্যালয়ে অভিযান চালায়। ১৯৭৯ সালে হাবার্ডের স্ত্রী মেরি সু হাবার্ডসহ এগারোজন শীর্ষ কর্মকর্তা ষড়যন্ত্র, সরকারি দপ্তরে অনধিকার প্রবেশ ও নথি চুরির দায়ে দোষী সাব্যস্ত হন; তাঁদের কারাদণ্ড ও জরিমানা হয়। (রেইটম্যান, ইনসাইড সাইন্টোলজি, পৃষ্ঠা: ১১৫; ইউনাইটেড স্টেটস বনাম মেরি সু হাবার্ড, ৪৯৩ এফ. সাপ. ২০৯, ডি.ডি.সি., ১৯৭৯)
হাবার্ড নিজে অভিযুক্ত হননি, তবে মামলায় তাঁকে ‘অনভিযুক্ত ষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
আরেকটি বিতর্কিত নীতির নাম ‘ফেয়ার গেম’। ১৯৬০-এর দশকের শেষ দিকে হাবার্ডের নির্দেশনায় বলা হয়, সংগঠনের ‘দমনকারী ব্যক্তি’ হিসেবে চিহ্নিতদের মামলা, প্রতারণা বা অন্য উপায়ে ক্ষতি করা বৈধ।
সংগঠন ছেড়ে আসা বা সমালোচনা করা কাউকে ‘দমনকারী’ ঘোষণা করা হলে অনুসারী স্বজনদের তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়। এই চর্চার নাম ‘ডিসকানেকশন’। অনেক সাবেক সদস্য এভাবে মা-বাবা, সন্তান ও জীবনসঙ্গীর কাছ থেকে দূরে সরে যাওয়ার কথা বলেছেন।
১৯৬৮ সালে হাবার্ড ‘ফেয়ার গেম’ শব্দবন্ধটি বাতিল ঘোষণা করলেও মামলা, নজরদারি ও হয়রানির মাধ্যমে সমালোচকদের দমনের চর্চা এরপরও থেকে গেছে। (হিউ বি. আরবান, ফেয়ার গেম: সিক্রেসি, সিকিউরিটি, অ্যান্ড দ্য চার্চ অব সাইন্টোলজি, জার্নাল অব দ্য আমেরিকান অ্যাকাডেমি অব রিলিজিয়ন, ৭৪/২ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৬)
ইউরোপেও সংগঠনটি আইনি লড়াইয়ে জড়িয়েছে। ২০০৯ সালের ২৭ অক্টোবর প্যারিসের আদালত সাইন্টোলজির ফরাসি শাখা ‘সেলিব্রিটি সেন্টার’ ও এর বইয়ের দোকান ‘এসইএল’কে সংঘবদ্ধ প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করে। অভিযোগ ছিল, দুর্বল মনের মানুষকে ব্যক্তিত্ব-পরীক্ষা, ‘পিউরিফিকেশন’ প্যাকেজ ও নানা সেবা কিনতে চাপ দেওয়া হয়েছে। (দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, ২৭ অক্টোবর ২০০৯)
সবচেয়ে মর্মস্পর্শী অভিযোগ পারিবারিক বিচ্ছেদ নিয়ে। সংগঠন ছেড়ে আসা বা সমালোচনা করা কাউকে ‘দমনকারী’ ঘোষণা করা হলে অনুসারী স্বজনদের তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়। এই চর্চার নাম ‘ডিসকানেকশন’।
অনেক সাবেক সদস্য এভাবে মা-বাবা, সন্তান ও জীবনসঙ্গীর কাছ থেকে দূরে সরে যাওয়ার কথা বলেছেন। চার্চ এ অভিযোগ মানে না; তারা একে ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত বলে থাকে।
সাইন্টোলজি অবশ্য এসব অভিযোগকে ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণ বলে প্রত্যাখ্যান করেছে। ফ্রান্সের রায়কে তারা ‘ধর্মদ্রোহের বিচার’ বলেও নিন্দা করেছে। যুক্তরাষ্ট্রে ১৯৯৩ সালে কর কর্তৃপক্ষ সংগঠনটিকে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে কর-অব্যাহতি দেয়। গবেষকদের কেউ একে বিতর্কিত বললেও নতুন ধর্মীয় আন্দোলন হিসেবে বিশ্লেষণ করেন, আবার অনেকে মুনাফাভিত্তিক সংগঠন বলেন।
মনের শূন্যতায় ভোগা মানুষের কাছে ভালোবাসার মিষ্টি কথা কিংবা মুক্তির বড় প্রতিশ্রুতি সহজেই মোহ তৈরি করে। সাইন্টোলজির উত্থান মনে করিয়ে দেয়, আধ্যাত্মিকতা যখন গোপন পণ্যে পরিণত হয়, তখন তার দাম চুকাতে হয় অর্থ, স্বাধীন চিন্তা, এমনকি পরিবারের বন্ধন দিয়েও।
এ সতর্কবার্তা শুধু দূর দেশের একটি সংগঠনের জন্য নয়; ধর্মের নামে ভণ্ড ও প্রতারকেরা আমাদের সমাজেও একই ফাঁদ পাতে।
তাই যেকোনো ‘আধ্যাত্মিক’ আহ্বান যাচাইয়ের জন্য তিনটি প্রশ্ন করা দরকার: তা কি সবার জন্য স্বচ্ছ ও উন্মুক্ত? মুক্তির দাম হিসেবে কি অর্থ চাওয়া হচ্ছে? আর তা কি মানুষকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করছে?