
গত ২৪ নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট–২০২৬’। সম্মেলনে উর্দু ভাষায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরি। পাঠকদের জন্য তাঁর বক্তব্যের সারাংশ তুলে ধরা হলো।
উপস্থিত সম্মানিত আলেম-ওলামা, ইসলামি অর্থনীতিবিদ, ব্যাংকার ও সুধীজন—আপনাদের সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও অর্থায়নের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আমি গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের সবার আগে একটি মৌলিক বিষয় স্পষ্টভাবে বুঝতে হবে—ইসলাম শুধু কিছু ব্যক্তিগত আচার-অনুষ্ঠান বা সীমিত অর্থে কোনো ‘মাজহাব’ বা ধর্মের নাম নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা (দীন)।
পবিত্র কোরআন ও হাদিসে ইসলামের ক্ষেত্রে ‘দীন’ শব্দটিই ব্যবহৃত হয়েছে—যা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও অর্থনীতিসহ জীবনের প্রতিটি ক্ষেত্রের সুস্পষ্ট পথনির্দেশনা দেয়।
অনেকেরই এমন ভ্রান্ত ধারণা রয়েছে যে ইসলাম শুধু মসজিদ বা আনুষ্ঠানিক ইবাদতের গণ্ডিতেই সীমাবদ্ধ; ব্যবসা-বাণিজ্য বা আর্থিক লেনদেনে এর কোনো ভূমিকা নেই। অথচ ইসলামের অন্যতম প্রধান অধ্যায়ই হলো লেনদেন।মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরি, পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব
একজন মুমিনের জীবন পরিচালিত হয় পূর্ণাঙ্গ দীনের পাঁচটি মৌলিক ভিত্তি বা স্তম্ভের সমন্বয়ে:
১. আকাইদ: বিশুদ্ধ বিশ্বাস ও জীবনদৃষ্টি।
২. ইবাদাত: নামাজ, রোজা, হজ, জাকাত ও আল্লাহর আনুগত্যের বিধান।
৩. মুআমালাত: অর্থনৈতিক লেনদেন, ক্রয়-বিক্রয়, ইজারা (ভাড়া) ও ব্যবসায়িক নীতিমালা।
৪. মুআশারাত: সামাজিক সম্পর্ক, পারস্পরিক অধিকার ও পারিবারিক দায়িত্ববোধ।
৫. আখলাক: উন্নত নৈতিকতা, সততা ও চারিত্রিক মাধুর্য।
দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সমাজে অনেকেরই এমন ভ্রান্ত ধারণা রয়েছে যে ইসলাম শুধু মসজিদ বা আনুষ্ঠানিক ইবাদতের গণ্ডিতেই সীমাবদ্ধ; ব্যবসা-বাণিজ্য বা আর্থিক লেনদেনে এর কোনো ভূমিকা নেই। অথচ ইসলামের অন্যতম প্রধান অধ্যায়ই হলো লেনদেন (মুআমালাত)।
মনে রাখতে হবে, হালাল উপার্জন ও স্বচ্ছ লেনদেন ছাড়া কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। তাই ইসলাম মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ নীতিমালা দিয়েছে।
সুদভিত্তিক অর্থব্যবস্থার ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে অত্যন্ত কঠোর সতর্কবার্তা এসেছে।
ইসলামে সুদ শুধু গ্রহণ করা বা দেওয়ার মধ্যেই হারাম হিসেবে সীমাবদ্ধ নয়; বরং সুদভিত্তিক লেনদেনের সাক্ষী হওয়া, এর হিসাব লেখা কিংবা নথিপত্র প্রস্তুত করার মতো সহযোগিতামূলক কাজের ক্ষেত্রেও হাদিসে কঠোর অভিসম্পাতের কথা বলা হয়েছে।
তাই একজন প্রকৃত মুমিনের জন্য সুদের সামান্যতম স্পর্শ থেকেও বেঁচে থাকা অপরিহার্য।
তবে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ যেমন সুদকে হারাম করেছেন, তেমনি মানুষের বাস্তব প্রয়োজন বিবেচনা করে বৈধ লেনদেন ও হালাল বিকল্প পথও উন্মুক্ত রেখেছেন।
আধুনিক বিশ্বে প্রচলিত সুদভিত্তিক ব্যাংকিংয়ের বিপরীতে শরিয়াহসম্মত বিকল্প ব্যাংকিং ব্যবস্থা দাঁড় করানোর ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় আলেম ও মুফতিদের নিরলস প্রচেষ্টার কথা আমি আজ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
আমাদের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ যেমন সুদকে হারাম করেছেন, তেমনি মানুষের বাস্তব প্রয়োজন বিবেচনা করে বৈধ লেনদেন ও হালাল বিকল্প পথও উন্মুক্ত রেখেছেন।
বিশেষ করে মুফতি মুহাম্মদ তাকি উসমানির যুগান্তকারী অবদান এবং পাকিস্তানের মিজান ব্যাংকের সফলতা আজ ইসলামি অর্থায়নের বৈশ্বিক অগ্রযাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
পরিশেষে অত্যন্ত বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ একটি কথাই বলতে চাই—বর্তমান ইসলামি ব্যাংকিং ব্যবস্থা এখনো তার চূড়ান্ত গন্তব্য বা শতভাগ পূর্ণতায় না পৌঁছালেও এটি নিঃসন্দেহে সঠিক পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় পদক্ষেপ।
আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই, আন্তরিকতা, তাকওয়া ও শরিয়াহর মূলনীতি অনুসরণের মাধ্যমে এই ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও ত্রুটিমুক্ত করে তুলুন।
রিয়াজ উদ্দীন: শরিয়াহ অডিটর, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি