ইবাদত

স্নিগ্ধ ফজরের অনন্য ১০ উপহার

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের গুরুত্ব ও আবেদন একেবারেই আলাদা। ভোরের সেই স্নিগ্ধ সময়ে নামাজ আদায়ের বিশেষ ১০টি উপহার নিয়ে এই আয়োজন:

১. পুরো রাত ইবাদতের সওয়াব

ফজরের জামাতে অংশ নেওয়া আর সারা রাত জেগে নফল নামাজ পড়া সমান। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ পড়ল, সে যেন অর্ধেক রাত জেগে ইবাদত করল। আর যে ব্যক্তি ফজরও জামাতের সঙ্গে আদায় করল, সে যেন পুরো রাত জুড়েই নামাজ পড়ল।” (সহিহ মুসলিম, হাদিস: ৬৫৬)

২. দিনভর ঐশী নিরাপত্তা

সকাল সকাল যারা মসজিদে ছোটেন, তাদের পুরো দিনটির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের কাঁধে নেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর প্রত্যক্ষ নিরাপত্তায় চলে গেল। সুতরাং আল্লাহ যেন তাঁর এই নিরাপত্তার বিষয়ে তোমাদের কাউকে কাঠগড়ায় দাঁড় না করান।” (সহিহ মুসলিম, হাদিস: ৬৫৭)

৩. কেয়ামতের দিনের আলো

অন্ধকার মাড়িয়ে যারা ভোরের আলো ফোটার আগে আল্লাহর ডাকে সাড়া দেন, শেষ বিচারের দিনে তাদের চারপাশ আলোয় ভরে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যারা আঁধার রাতে (ফজরের নামাজে) মসজিদের দিকে হেঁটে যায়, তাদের কেয়ামতের দিন পরিপূর্ণ আলো (নুর) পাওয়ার সুসংবাদ দাও।” (সুনানে আবু দাউদ, হাদিস: ৫৬১)

৪. জান্নাতের নিশ্চিত সুসংবাদ

এটি মূলত আগুন থেকে মুক্তি ও পরম শান্তি অর্জনের পথ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের আগের (ফজর ও আসর) নামাজ নিয়মিত আদায় করবে, সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না।” (সহিহ মুসলিম, হাদিস: ৬৩৪)

৫. কপটতা ও অলসতা থেকে মুক্তি

ভোরের ঘুম ভেঙে যারা মসজিদে আসতে পারেন, তারা মনের ভেতরের সব অলসতা ও কপটতা জয় করে নেন। হাদিসে এসেছে, “মোনাফেকদের কাছে ফজর ও এশার নামাজের চেয়ে ভারী আর কোনো নামাজ নেই। তারা যদি এর ভেতরের সৌন্দর্য ও পুরস্কারের কথা জানত, তবে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে হাজির হতো।” (সহিহ বুখারি, হাদিস: ৬৫৭)

৬. ফেরেশতাদের ভিড়ে নিজের নাম

প্রতিদিন ভোরের আকাশে যখন ফেরেশতাদের দায়িত্ব বদল হয়, তখন আল্লাহর দরবারে বিশেষভাবে আলোচিত হয় নামাজিদের নাম।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দিন ও রাতের ফেরেশতারা ফজর ও আসরের সময় একত্র হন। রাতের দায়িত্ব শেষ করে ফেরেশতারা যখন ফিরে যান, তখন আল্লাহ সব জেনেও তাদের জিজ্ঞেস করেন, ‘আমার বান্দাদের কেমন রেখে এলে?’ ফেরেশতারা বলেন, ‘আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজ পড়ছিল, আর যখন ফিরে এসেছি তখনও তারা নামাজরত ছিল।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৫৫)

৭. পৃথিবীর চেয়েও দামি সম্পদ

ফজরের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) এর সুন্নত নামাজের মর্যাদা সম্পর্কে বলেছেন, “ফজরের (সুন্নতের) দুই রাকাত নামাজ এই পৃথিবী এবং এর ভেতরে যা কিছু আছে—সবকিছুর চেয়েও শ্রেষ্ঠ ও উত্তম।” (সহিহ মুসলিম, হাদিস: ৭২৫)

৮. ঘরে বসেই হজ ও ওমরার সওয়াব

জামাতে নামাজ শেষ করে যারা সূর্য ওঠা পর্যন্ত সময়টুকু জিকির ও ভাবনায় কাটান, তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর স্মরণে বসে থাকে এবং এরপর দুই রাকাত নফল (ইশরাক) নামাজ পড়ে, সে একটি পরিপূর্ণ হজ ও ওমরার সওয়াব পাবে।” ‘পরিপূর্ণ’ শব্দটি তিনি তিনবার জোর দিয়ে বলেছেন। (সুনানে তিরমিজি, হাদিস: ৫৮৬)

৯. শ্রেষ্ঠ প্রাপ্তি ও মানসিক প্রশান্তি

ভোরের সময়টুকু আল্লাহর স্মরণে কাটানো যেকোনো বৈষয়িক অর্জনের চেয়ে অনেক বেশি অর্থবহ।

রাসুলুল্লাহ (সা.) একবার সাহাবিদের এক সফল অভিযানের দ্রুত গণিমত বা যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে ফেরার প্রসঙ্গে বলেছিলেন, “আমি কি তোমাদের এর চেয়েও দ্রুত এবং বড় অর্জনের কথা বলব না? যারা ফজরের জামাতে হাজির হয় এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে নিমগ্ন থাকে, তারাই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বড় সম্পদ নিয়ে ঘরে ফেরে।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৫৭৫)

১০. স্রষ্টার সরাসরি সান্নিধ্য

কেয়ামতের দিন সবচেয়ে বড় পুরস্কার হবে মহান আল্লাহর দর্শন লাভ। এক পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন, “শোনো, তোমরা তোমাদের প্রতিপালককে ঠিক এই চাঁদের মতোই স্পষ্ট দেখতে পাবে। তাঁকে দেখতে তোমাদের কোনো ভিড় বা কষ্টের মুখোমুখি হতে হবে না। কাজেই তোমরা যদি সূর্য ওঠার আগের ও সূর্য ডোবার আগের নামাজে যত্নশীল হতে পারো, তবে তাই করো।”

এরপর তিনি আয়াত পাঠ করেন—‘সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করুন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৫৪; সুরা ত্বাহা, আয়াত: ১৩০)

শেষ কথা

ফজর মানে কেবল একটি ইবাদত নয়, ফজর মানে একরাশ স্নিগ্ধতা। দিনের শুরুতেই জীবনের চিরশত্রু শয়তান আর নিজের অলসতাকে হারিয়ে দেওয়ার নামই ফজর। ফলে সারাটা দিন এক অনন্য জয়ের অনুভূতি নিয়ে ফুরফুরে মেজাজে কাটানো সহজ হয়, কাজের মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়ে।

এভাবে ফজরের নামাজ পুরো জীবনে সফলতার এক ফল্গুধারা বয়ে আনে। আসুন, অলসতা ভেঙে স্নিগ্ধ ভোরে জেগে উঠি। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজে মনোযোগী হয়ে একটি পবিত্র, সুশৃঙ্খল ও সুরভিত জীবন গড়ে তুলি।

আব্দুল্লাহ আলমামুন আশরাফী : আলেম ও লেখক