সিরাত

মহানবী (সা.) মানুষের মনের খোঁজ কতটা রাখতেন

মানুষকে বোঝা সহজ নয়। মানুষের মন আরও জটিল। একই কথা একজনকে আনন্দিত করে। অন্যজনকে কষ্ট দেয়। কেউ কঠিন কথায় সংশোধিত হয়। কেউ কোমল আচরণে বদলে যায়।

নবীজি (সা.) মানুষের মনের এই বৈচিত্র্য গভীরভাবে বুঝতেন। তাঁর দাওয়াতের পদ্ধতিতে মানুষের মনস্তত্ত্বের অসাধারণ প্রয়োগ দেখা যায়। তিনি মানুষের স্বভাব বুঝতেন। তার অবস্থান বুঝতেন। তার সামর্থ্য বুঝতেন। তারপর সেই অনুযায়ী কথা বলতেন।

সংশোধনের আগে মন বুঝতে হয়

এক ব্যক্তি মসজিদে এসে প্রস্রাব করে ফেলল। সাহাবায়ে কেরাম তাকে থামাতে এগিয়ে গেলেন। রাসুল (সা.) তাঁদের থামিয়ে দিলেন।

লোকটি কাজ শেষ করার পর নবীজি (সা.) তাকে বুঝিয়ে বললেন, মসজিদ এ ধরনের কাজের জায়গা নয়। (সহিহ বুখারি, হাদিস: ২২০)

ঘটনাটি খুব সাধারণ বটে। তবে এর মধ্যে বড় একটি শিক্ষা আছে যে ভুল দেখলেই মানুষকে অপমান করতে হয় না। আগে পরিস্থিতি সামলাতে হয়। পরে সংশোধন করতে হয়। কঠোর প্রতিক্রিয়া অনেক সময় মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। কোমল আচরণ তাকে কাছে টেনে আনে।

মানুষের মর্যাদাবোধকে গুরুত্ব দেওয়া

একবার রাসুলের সামনে দিয়ে একটি জানাজা যাচ্ছিল। তিনি দাঁড়িয়ে গেলেন। তাঁকে বলা হলো, এটি তো একজন ইহুদির জানাজা। তিনি বললেন, ‘সে কি একজন মানুষ নয়?’ (সহিহ বুখারি, হাদিস: ১৩১২)

মানুষের পরিচয়, ধর্ম কিংবা সামাজিক অবস্থান আলাদা হতে পারে। মানুষ হিসেবে তার মৌলিক মর্যাদাকে অস্বীকার করা যায় না। এখানে মানবিক সংবেদনশীলতার একটি বড় শিক্ষা রয়েছে।

মানুষকে তার নাম ধরে ডাকতেন

মানুষ নিজের নাম শুনতে পছন্দ করে। এতে আপনত্ব তৈরি হয়। রাসুল (সা.) সাহাবিদের নাম ধরে ডাকতেন। কখনো উপাধি দিয়ে সম্মান করতেন। কখনো স্নেহের নামে সম্বোধন করতেন।

এটি ছিল তাঁর সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানুষকে গুরুত্ব দেওয়ার সহজ একটি উপায় হলো তাকে অনুভব করানো যে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ।

তোমাদের কেউ যখন মানুষকে নামাজ পড়ায়, সে যেন সংক্ষিপ্ত করে। কারণ তাদের মধ্যে দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তি থাকে।
সহিহ বুখারি, হাদিস: ৭০৩

সবার সঙ্গে এক ভাষায় কথা বলতেন না

এক যুবক রাসুলের কাছে এসে ব্যভিচারের অনুমতি চাইল। সাহাবিরা ক্ষুব্ধ হলেন। রাসুল (সা.) তাকে কাছে ডাকলেন। এরপর কয়েকটি প্রশ্ন করলেন।

‘তুমি কি তোমার মায়ের জন্য এটি পছন্দ করবে?’ যুবক বলল, ‘না।’

তিনি বললেন, ‘অন্য মানুষও তাদের মায়ের জন্য এটি পছন্দ করে না।’ এভাবে তিনি তার চিন্তার জায়গাটি পরিবর্তন করলেন। শেষে তার জন্য দোয়া করলেন। (মুসনাদ আহমদ, হাদিস: ২২২১১)

এখানে শাস্তি দেওয়ার চেয়ে চিন্তার পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভুল আচরণের পেছনে থাকা চিন্তাকে পরিবর্তন করা গেলে আচরণও বদলে যায়।

উত্তর দেওয়ার আগে প্রশ্নকারীর অবস্থা বুঝতেন

এক ব্যক্তি রাসুলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইসলামে সবচেয়ে উত্তম কাজ কোনটি? তিনি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন উত্তর দিয়েছেন।

কাউকে বলেছেন নামাজ সময়মতো আদায় করা। কাউকে বলেছেন মা-বাবার প্রতি সদাচরণ। কাউকে বলেছেন আল্লাহর পথে জিহাদ। (সহিহ বুখারি, হাদিস: ৫২৭)

একই প্রশ্নের উত্তর সবার জন্য এক ছিল না। কারণ, মানুষের প্রয়োজন এক নয়। কেউ যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার জন্য প্রয়োজনীয় পরামর্শও সেখান থেকেই দিতে হয়।

মানুষের দুর্বলতাকে বুঝতেন

মানুষ সব সময় একই রকম শক্তিশালী থাকে না। কখনো তার ইমান শক্তিশালী থাকে। কখনো দুর্বল হয়ে পড়ে। রাসুল (সা.) ইবাদতের ক্ষেত্রেও মানুষের সামর্থ্য বিবেচনা করতেন।

তিনি বলেছেন, ‘তোমাদের কেউ যখন মানুষকে নামাজ পড়ায়, সে যেন সংক্ষিপ্ত করে। কারণ তাদের মধ্যে দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তি থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ৭০৩)

এখানে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে। মানুষের সক্ষমতা বুঝতে হবে। নিজের সামর্থ্য দিয়ে অন্যকে বিচার করা যাবে না।

ভালো কাজের প্রশংসা করতেন

মানুষ স্বীকৃতি পেতে চায়। তার ভালো কাজ কেউ দেখুক—এ আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।

রাসুল (সা.) সাহাবিদের ভালো কাজের প্রশংসা করতেন। তাদের বিশেষ গুণ তুলে ধরতেন।

তিনি সাহাবি আবু উবাইদাকে উম্মতের ‘আমিন’ (আমানতদার) বলেছেন। মুয়াজ (রা.) সম্পর্কে বলেছেন, তিনি হালাল-হারামের জ্ঞান সম্পর্কে বিশেষভাবে অবগত। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৭৯০)

মূলত যোগ্যতার স্বীকৃতি মানুষকে আরও ভালো হওয়ার অনুপ্রেরণা দেয়।

তিনি মানব মনের বৈচিত্র্য বুঝতে চেষ্টা করতেন। তিনি জানতেন, মানুষের হৃদয় জয় করার সবচেয়ে শক্তিশালী পথ হলো বোঝাপড়া, কোমলতা, সম্মান ও আন্তরিকতা।

কারও ভুলকে পরিচয় বানিয়ে দিতেন না

মানুষ ভুল করে। একটি ভুল তার পুরো ব্যক্তিত্বের পরিচয় নয়। রাসুল (সা.) মানুষের ভুল দেখতেন। তবে তাকে সেই ভুলের মধ্যেই আটকে রাখতেন না।

মক্কা বিজয়ের পর এমন বহু মানুষ তাঁর সামনে ছিল, যারা একসময় তাঁর বিরোধিতা করেছে। তাঁদের অনেককে তিনি ক্ষমা করে দেন। ক্ষমা কখনো কখনো শাস্তির চেয়ে বড় পরিবর্তন তৈরি করে। কারণ, শাস্তি মানুষকে থামাতে পারে। ক্ষমা তাকে বদলে দিতে পারে।

অনুভূতির প্রতি সংবেদনশীল ছিলেন

একবার রাসুল (সা.) তাঁর নাতনি উমামাহ বিনতে যায়নাবকে কোলে নিয়ে নামাজ পড়েছেন। তিনি সিজদায় গেলে তাকে নামিয়ে রাখতেন। দাঁড়ালে আবার তুলে নিতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫১৬)

নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যেও শিশুর অনুভূতি ও প্রয়োজনকে উপেক্ষা করেননি। এটি পারিবারিক জীবনের জন্যও বড় শিক্ষা। শিশু সব কথা বুঝতে পারে না। কিন্তু আচরণ বুঝতে পারে।

অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করতেন

আল্লাহ–তাআলা রাসুল (সা.) সম্পর্কে বলেছেন, ‘তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল এসেছেন। তোমাদের কষ্ট তাঁর কাছে কষ্টদায়ক।’ (সুরা তাওবা, আয়াত: ১২৮)

অন্যের কষ্ট অনুভব করা নেতৃত্বের অন্যতম বড় গুণ। রাসুল (সা.) মানুষের দুঃখ শুনতেন। তাদের প্রয়োজন জানতেন। তাদের জন্য দোয়া করতেন। মানুষ এমন ব্যক্তির কাছেই স্বস্তি পায়, যে তার কথা বোঝে।

কঠোর সত্যও কোমলভাবে বলা যায়

দাওয়াতের ক্ষেত্রে নবীজিকে আল্লাহ–তাআলা বলেছেন, ‘তুমি তাদের সঙ্গে কোমল আচরণ করেছ আল্লাহর রহমতের কারণে। তুমি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতে, তবে তারা তোমার চারপাশ থেকে সরে যেত।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯)

এটি মানুষের মনস্তত্ত্বের একটি মৌলিক সত্য। কথা সঠিক হলেই যথেষ্ট নয়। বলার ধরনও গুরুত্বপূর্ণ। একটি সত্য কথা মানুষ গ্রহণ করতে পারে। একই কথা কঠোর ভাষায় বললে সে প্রতিরোধী হয়ে উঠতে পারে।

পরিবর্তনের সম্ভাবনায় বিশ্বাস রাখতেন

সিরাতে নববির সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিকগুলোর একটি হলো মানুষের পরিবর্তনের গল্প। ওমর (রা.) একসময় ইসলামের কঠোর বিরোধী ছিলেন। পরে ইসলামের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হন।

খালিদ ইবনে ওয়ালিদ (রা.) মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। পরে ইসলামের মহান সেনাপতিদের একজন হন।

ইকরিমা ইবনে আবু জাহলও ইসলামের বিরোধিতা করেছিলেন। পরে ইসলাম গ্রহণ করে সাহাবি হিসেবে মর্যাদা লাভ করেন।

মানুষের বর্তমান অবস্থাই তার শেষ পরিচয় নয়। আজ যে মানুষ ভুল করছে, তারা আগামীকাল বদলে যেতে পারে। তাই কাউকে চিরতরে খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করা বিপজ্জনক।

নবীজির সিরাত আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায় যে মানুষকে পরিবর্তন করতে হলে আগে মানুষকে বুঝতে হয়; তার ভয় বুঝতে হয়, তার দুর্বলতা বুঝতে হয়, তার প্রয়োজন বুঝতে হয়, তার মর্যাদাবোধ বুঝতে হয়, তার মানসিক অবস্থাও বুঝতে হয়।

রাসুল (সা.) মানুষের সঙ্গে আচরণ করতেন হৃদয় দিয়ে। তিনি ভুল সংশোধন করতেন। অপমান করতেন না। তিনি সত্য বলতেন। মানুষের সামর্থ্যও বিবেচনায় রাখতেন।

তিনি মানব মনের বৈচিত্র্য বুঝতে চেষ্টা করতেন। তিনি জানতেন, মানুষের হৃদয় জয় করার সবচেয়ে শক্তিশালী পথ হলো বোঝাপড়া, কোমলতা, সম্মান ও আন্তরিকতা।

  • ইফতেখারুল হক হাসনাইন: আলেম ও লেখক