কোরআন তিলাওয়াত শুরু করার আগেই কিছু বিষয় খেয়াল রাখা দরকার। আল্লাহর সন্তুষ্টির জন্যই যে তিলাওয়াত করা হচ্ছে, মনে এটা স্থির করতে হবে।
তিরমিজির একটি হাদিসে আছে, জাহান্নামকে উদ্বোধন করা হবে তিন ব্যক্তির মাধ্যমে। যাদের একজন সেই কোরআন পাঠকারী, যে মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কোরআন পাঠ করত। এ জন্য মনের লক্ষ্যস্থির করা এবং সতর্কতা অবলম্বন করা জরুরি।
কোরআন পড়লে প্রতি হরফে ১০ নেকি, এমনকি না বুঝে পড়লেও (সুনান তিরমিজি: ২৯১০)। আল্লাহ বলেছেন, ‘কোরআন অবতীর্ণ করি যা বিশ্বাসীদের জন্য উপশম ও দয়া’ (সুরা বনী ইসরাইল, আয়াত: ৮২)
আল্লাহ আরও বলেছেন, ‘আমি এ কল্যাণকর কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতগুলো বোঝার চেষ্টা করে আর বোধশক্তি–সম্পন্নরা এ থেকে উপদেশ গ্রহণ করে।’ (সুরা সাদ, আয়াত: ২৯)
বলা হয়েছে, ‘এ কল্যাণময় কিতাব আমি অবতীর্ণ করেছি, সুতরাং তোমরা ওর অনুসরণ করো ও সাবধান হও, হয়তো তোমাদেরকে দয়া করা হবে।’ (সুরা আনআম, আয়াত: ১৫৫)
আল্লাহ বলেন, ‘যদি আমি এই কোরআনকে পর্বতের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে আল্লাহর ভয়ে নুয়ে পড়েছে ভেঙে পড়েছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য উপস্থিত করেছি। যাতে তারা চিন্তা করে।’ (সুরা হাশর, আয়াত: ২১) কোরআন পড়ার সময় কোরআনের এই মহত্ত্ব মনে জাগিয়ে রাখতে হবে।