জাতীয় কৈশোর স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র (২০১৭-২০৩০): বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়

আরএইচস্টেপ ও প্রথম আলোর আয়োজনে ‘জাতীয় কৈশোর স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র (২০১৭-২০৩০): বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ২০ সেপ্টেম্বর ২০২৩। আলোচনার বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।

আলোচক:

নুরুন নাহার বেগম

লাইন ডিরেক্টর, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর

কাজী সুরাইয়া সুলতানা

নির্বাহী পরিচালক, আরএইচস্টেপ

মো. মনজুর হোসেন

প্রোগ্রাম ম্যানেজার (এঅ্যান্ডআরএইচ) এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর

নন্দলাল সূত্রধর

ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, জাতীয় পুষ্টিসেবা

ফারিহা হাসিন

সহযোগী অধ্যাপক, জনস্বাস্থ্য বিভাগ, বিএসএমএমইউ

মো. জহিরুল ইসলাম

সিনিয়র হেলথ অ্যাডভাইজার, উন্নয়ন সহযোগী শাখা, সুইডিশ দূতাবাস, ঢাকা

মাশফিকা জামান সাটিয়ার

সিনিয়র অ্যাডভাইজার, (এসআরএইচআর,  অ্যান্ড জেন্ডার), ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস

মুহম্মদ মুনির হোসেন

প্রোগ্রাম অ্যানালিস্ট-অ্যাডলসেন্ট অ্যান্ড ইয়ুথ, ইউএনএফপিএ বাংলাদেশ

ফাতেমা শবনম

কিশোর-কিশোরী ও যুববিশেষজ্ঞ, ইউএসএআইডি সুখী জীবন প্রকল্প, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল

মো. মাসুদুর রহমান

জাতীয় সমন্বয়ক, আরএইচআরএন-২, ব্র্যাক

এলভিনা মোস্তারী

উপপরিচালক (প্রোগ্রাম), আরএইচস্টেপ

পর্যবেক্ষক

শাশ্বতী বিপ্লব: প্রোগ্রাম হেড, এসইএলপি (সেল্প) প্রকল্প, ব্র্যাক

নাজিয়া জেবিন: নির্বাহী পরিচালক, অবয়ব

জয়িতা হোসেন: প্রজেক্ট কো-অর্ডিনেটর, আরএইচআরএন-২ নাগরিক উদ্যোগ

শারমিন কবির: প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ঋতু 

শামীমা চৌধুরী: সাবেক পরামর্শক, ইউনিসেফ

শামায়লা মাহবুব: প্রজেক্ট লিড, আরএইচআরএন-২-প্রকল্প, ওয়াইপিএফ

মো. মাহবুবুল হক: পরিচালক (প্রোগ্রাম), আরএইচস্টেপ

সূচনা বক্তব্য

আব্দুল কাইয়ুম

সহযোগী সম্পাদক, প্রথম আলো

সঞ্চালনা

ফিরোজ চৌধুরী

সহকারী সম্পাদক, প্রথম আলো

আলোচনা:

আব্দুল কাইয়ুম

কৈশোর স্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বাস্থ্য ঠিক থাকলে মানসিক বিকাশ হবে। তারা ভালো নাগরিক হয়ে বেড়ে উঠবে। দেশ গঠনে ভূমিকা রাখবে। এ জন্য প্রয়োজন তাদের পুষ্টিকর খাদ্য, খেলাধুলা, সুস্থ বিনোদন। এ সময় কিশোর–কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ হয়। এ ক্ষেত্রে যদি আমরা যত্নশীল হতে পারি, তাহলে কৈশোর স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তন আসবে।

করোনা, যুদ্ধ, প্রযুক্তির নেতিবাচক ব্যবহার—এসব আমাদের সমাজকে অস্থির করে তুলছে। কিশোর–কিশোরীরা মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত হচ্ছে। এসব থেকে তাদের মুক্ত রাখার জন্য নীতিনির্ধারকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

মো. মাসুদুর রহমান

আরএইচআরএন-২ প্রকল্প বাংলাদেশে প্রথম পর্ব শুরু হয়েছে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত। ২০২১ সাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপ। এর প্রধান উদ্দেশ্য হলো তরুণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন। যেন তারা তাদের যৌন ও প্রজননস্বাস্থ্য উপভোগ করতে পারে।

আমরা ৭টি সহযোগী সংগঠন নিয়ে কাজ করছি। এদের মধ্যে রয়েছে আরএইচস্টেপ, নারীপক্ষ, নাগরিক উদ্যোগ, ব্র্যাক ও তিনটি ইয়ুথ লিপ পার্টনার অবয়ব, ইয়ুথ লিড সংগঠন, পলিসি ফোরাম ও ঋতু। ২০২৫ সাল পর্যন্ত এ প্রকল্প চলবে।

আমরা ২৫টি জেলায় প্রায় ১০ হাজার তরুণ-তরুণীকে নিয়ে কাজ করছি। আমাদের কাজের মধ্যে রয়েছে তরুণ-তরুণীদের সক্ষমতা বৃদ্ধি করা। বিভিন্ন স্কুলে আমরা কাজ করি। জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে কাজ করি। এ ছাড়া ইউনিসেফ, ইউএনএফপিএ, প্ল্যান ইন্টারন্যাশনাল, বাপ্‌সা, পিএসটিসিসহ অন্য যারা কৌশলবান্ধব স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাদের সঙ্গে আমরা কাজ করি। সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কাজ করি। আরও দশটি দেশে এই প্রকল্পের কাজ হচ্ছে।

বাংলাদেশে এর প্রধান সহযোগী হচ্ছে মিনিস্ট্রি অব নেদারল্যান্ডস। বাংলাদেশে আমরা ২০২৫ সাল পর্যন্ত কাজ করব। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।

আমাদের আবেদন হলো এনজিওগুলো আরও কীভাবে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, সরকারের সঙ্গে কোথায় আমাদের সম্পৃক্ততা আরও বাড়াতে পারি, আরও কোথায় কাজ করার সুযোগ আছে, সে বিষয়গুলো আজকের আলোচনায় আসবে বলে আশা করি।

মো. মনজুর হোসেন

‘১০ থেকে ১৯–এ আমরা তোমার পাশে’ প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং সরকারের আরও ১৭টি মন্ত্রণালয় সারা বাংলাদেশে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখন বাংলাদেশের মোট জনসংখ্যার ৫ ভাগের ১ ভাগ কিশোর-কিশোরী। তাদের প্রতি সহিংসতা রোধ ও তাদের প্রজননস্বাস্থ্য, পুষ্টি ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য আমরা কাজ করছি। ২০১৭ সালে এম্বাসি অব দ্য কিংডম অব নেদারল্যান্ডস, ইউনিসেফ ও অন্যদের সহযোগিতায় আমরা একটি কৌশলপত্র রচনা করেছিলাম। এ কৌশলপত্রের মধ্যে আমাদের চারটি থিমেটিক এরিয়া, দুটি ক্রসকাটিং ইস্যু ও একটি বিশেষ ইস্যু ছিল। আমরা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা আমাদের নিশ্চিত করতে হবে। এ জন্য আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।

এর জন্য গুরুত্বপূর্ণ হলো সামাজিক আচরণ পরিবর্তন। আমরা এটাও মনে করি, ৩ কোটি ৬০ লাখ কিশোর-কিশোরীর সামাজিক আচরণ পরিবর্তন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য আমরা মাল্টিসেক্টরাল কোলাবোরেশন কো–অপারেশনের মাধ্যমে এই কৌশলপত্র বাস্তবায়নের জন্য কাজ করছি। যেসব কিশোর-কিশোরী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, তারা হয়তো কোনো না কোনোভাবে সেবা নিতে পারে। কিন্তু ১০ থেকে ১৫ শতাংশ শারীরিকভাবে অক্ষম কিশোর-কিশোরী আছে, তাদের জন্য আমাদের করণীয় কী। সেটাও আমাদের কৌশলপত্রে ছিল।

এই কৌশলপত্র বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে আমরা সাধারণত তিনটি কাজ করে থাকি। তাদের আমরা তথ্য ও সেবা দিই। আর যেখানে আমাদের সেবাকর্মীরা পৌঁছাতে পারেন না, সেখানে রেফারেল কার্যক্রম পরিচালনা করি।

১০ থেকে ১৯ বছর বয়সের কিশোর-কিশোরীদের নিয়ে কেন আমরা এত শঙ্কিত। এদের প্রায় ৫০ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছরের আগে।  আবার ১৮ বছরের আগে অনেকে গর্ভধারণ করেছে। আমরা প্রায় সবাই জানি এর ফলাফল কী হতে পারে। মাতৃমৃত্যুর ৪০ শতাংশ হয় এ দুটি কারণে। ১০ থেকে ১৯ বছর বয়সের কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনা উপকরণের চাহিদা ১৭ শতাংশ।

এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। ১০ থেকে ১৯ বছর বয়সের কিশোর-কিশোরীদের শুধু আমরাই যে গুরুত্ব দিচ্ছি তা নয়, সারা পৃথিবী তাদের গুরুত্ব দিচ্ছে। আমরা জানি, ২০১৬ সালে গ্লোবাল স্টাডি ফর উইমেন চিলড্রেন অ্যাডলসেন্ট হেলথ নিয়ে একটা স্টাডি হয়েছিল। কোন দেশ কী করবে—এ স্টাডিতে এর নির্দেশনা আছে। এর একটি কর্মপরিকল্পনা হয়েছে। এর আলোকে বাংলাদেশ সরকারের কৈশোর স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র উন্নয়ন করেছি।

এটা বাস্তবায়নে আমরা কর্মপরিকল্পনা ও ব্যয়–পরিকল্পনা করেছি। আশা করি, এটার অনুমোদন আমরা পেয়ে যাব। তখন সে অনুযায়ী কাজ করতে পারব। আমাদের সরকার কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ সেবা কীভাবে কিশোর-কিশোরীদের কাছে পৌঁছানো যায়, সে জন্য স্বাস্থ্য অধিদপ্তরের দুটি শাখা থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এ লক্ষ্যে কাজ করছি এবং আমাদের সেবাকেন্দ্রগুলোকে এ ক্ষেত্রে কীভাবে কাজে লাগানো যায়, এর উদ্যোগ নিয়েছি।

আমাদের ১ হাজার ২৫৩টি সেবাকেন্দ্রে ছোট পরিসরে হলেও কিশোর-কিশোরীদের সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সব সময় সব ক্ষেত্রে কিশোর-কিশোরীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের স্যাটেলাইট ক্লিনিক, পরিবার পরিকল্পনা সেবাকেন্দ্র, অ্যাডলসেন্ট ক্লাব, কমিউনিটি ক্লিনিক এমনকি পোশাকশিল্প; যেখানে কিশোর–কিশোরীরা কাজ করে, সেখানেও সেবা দেওয়ার চেষ্টা করছি।

স্কুলে আমরা আরও ভালো সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে কৈশোর স্বাস্থ্যের আরও উন্নতি হবে বলে আশা করি।

মুহম্মদ মুনির হোসেন

কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য নিয়ে অনেক দিন থেকে কথা বলছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই পরিবার পরিকল্পনা কাজের মধ্য দিয়ে যৌন ও প্রজননস্বাস্থ্যের কার্যক্রম শুরু হয়। সে সময় প্রজননস্বাস্থ্য বলতে মূলত বিবাহিত কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্যের কথা বলা হতো। সে সময় বাল্যবিবাহ অনেক বেশি ছিল। অধিকাংশ কিশোর-কিশোরী বিবাহিত ছিল।

নব্বইয়ের দশকে কিশোর-কিশোরীদের সংখ্যা অনেক বেড়ে গেল। তখন অনেক কিশোর-কিশোরী প্রজননস্বাস্থ্যের বাইরে চলে গেল। তখন থেকে এনজিওসহ বিভিন্ন সংগঠন যৌন ও প্রজননস্বাস্থ্যের কার্যক্রম শুরু করে। এভাবে কাজ করতে করতে কৈশোর স্বাস্থ্যের জাতীয় কৌশলপত্র তৈরি হয়েছে। এটা এক দিনে হয়নি। আমরা কিন্তু ধীরে চলছি। জনসংখ্যার যে সুবিধা, সেটা আমরা খুব বেশি দিন ধরে রাখতে পারব না। কিশোর-কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা যদি ঠিকভাবে দিতে না পারি, তাহলে তাদের ক্ষমতায়ন হবে না। তাদের সেবা দেওয়ার জন্য স্কুল, শিল্পপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে। এ বিষয়টির গুরুত্ব অনুভব করে পাঠ্যক্রমেও এসেছে।

আমাদের ৩৩ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ লাখের বেশি শিক্ষক রয়েছেন। তাঁদের অধিকাংশেরই যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে ধারণা কম। ফলে তাঁরা ভালো পড়াতে পারেন না। জাতীয় ন্যাশনাল কারিকুলাম থেকে মাত্র পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। সেটা যথেষ্ট নয়। সরকারকে এখানে সহযোগিতা করতে হবে।

আমাদের উন্নয়ন সহযোগীরাও সহযোগিতা কমিয়ে দিয়েছে। এনজিও, ইয়ুথ অর্গানাইজেশন, সরকার ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাশফিকা জামান সাটিয়ার

নেদারল্যান্ডস দূতাবাস ২০১১ সাল থেকে যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর) নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কাজ করছে। আমরাও মনে করি, এ ক্ষেত্রে আরও কাজ করা দরকার। নেদারল্যান্ডস এম্বাসির সহযোগিতায় ইউনিসেফ স্বাস্থ্য অধিদপ্তরেরে সঙ্গে যৌন ও প্রজননস্বাস্থ্যের কৌশলপত্র তৈরি করেছে। একই সঙ্গে কর্মপরিকল্পনা করা হয়েছে। যে কৌশলপত্র তৈরি হয়েছে, এটা আমাদের জাতীয় কৌশলপত্র। আমরা যে যেভাবে কাজ করি না কেন, সেটা যেন এই কৌশলপত্রে অবদান রাখে। এটা মনে রেখে আমাদের কাজ করা উচিত।

 আমাদের স্কেলেবেল কর্মসূচি নিতে হবে। কারণ, উন্নয়ন সহযোগীদের কাজ একটা পর্যায়ে এসে থেমে যায়। কয়েক বছর পর এর ফল পাওয়া যায় না। যৌন ও প্রজননস্বাস্থ্যের কৌশলপত্রে সামগ্রিক উদ্যোগ নিতে হবে। কোনো ইস্যু বাদ দেওয়া যাবে না।

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, কিশোরীদের মাসিক ব্যবস্থাপনা ও সঠিক তথ্য অত্যন্ত জরুরি। কিশোর-কিশোরীদের জানতে হবে তাদের কী অধিকার রয়েছে, কোথায় যেতে হবে। হয়তো তাদের হাতের কাছে সেবাকেন্দ্র আছে অথচ তারা জানে না। তাহলে সঠিক তথ্য জানা খুবই জরুরি।

কিশোর-কিশোরীরা বেশি সময় থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। সে ক্ষেত্রে এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আগে যৌন বিষয় নিয়ে একেবারেই কেউ কথা বলত না। তবে এখন অনেকেই এ বিষয়ে কথা বলছেন। এ বিষয়ে যে কুসংস্কার ছিল, সেটা অনেকটাই দূর হয়েছে। এক গবেষণায় দেখলাম, ৫৫ শতাংশ কিশোরী বলছে তাদের সহপাঠীর দ্বারা তারা সহিংসতার শিকার হচ্ছে। এটা কেন হচ্ছে? এর কারণ হলো আমরা কিশোর-কিশোরীদের আলাদা করে রাখছি। ছেলে-মেয়েকে সমানভাবে তথ্য দিচ্ছি না। ফলে তাদের কৌতূহল থেকে অন্যকে হয়রানি করছে।

কিশোর-কিশোরীরা কী চায়, তাদের কী প্রয়োজন—সেভাবে কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন।

ফারিহা হাসিন

আমি মনে করি ঘর থেকে শুরু করতে হবে। কিশোর-কিশোরীদের সিদ্ধান্ত গ্রহণে কারা ভূমিকা রাখছে।  তাদের  শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, স্বাস্থ্যসেবা নিতে যাওয়া, বিয়ে করা—এসব সিদ্ধান্ত তারা নিতে পারে কি না, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। এখানে তাদের মা-বাবা ও অন্য অভিভাবকদের ভূমিকা রয়েছে। অভিভাবকেরা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়ে জানানো ইতিবাচক মনে করছেন, সেটাও অনেক গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে কিশোর-কিশোরীদের নিয়ে  ভালো গবেষণা হয়েছে। এসব গবেষণার ফল তাদের  মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যসেবা, পুষ্টিসহ সব ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ প্রয়োজন।  তবে একটি ভালো দিক হলো, আমাদের কিশোর-কিশোরীরা এখন অনেক বেশি সৃজনশীল। তারা নিজেরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে চায়। একই সঙ্গে আমাদের বিবাহিত এবং শারীরিকভাবে অক্ষম কিশোর-কিশোরীদের কথাও ভাবতে হবে। তারা কীভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং যৌন ও প্রজননস্বাস্থ্যসেবার আওতায় আসতে পারে, সে ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে।

আমাদের দেশে কিশোরীদের সমস্যা কিছুটা বেশি। তারা সাধারণত তাদের শারীরিক বিষয় মা-বাবা, শিক্ষক ও অন্যান্য অভিভাবকের কাছ থেকে জানতে চায় না। তারা বন্ধুর ওপর বেশি নির্ভর করে। কিন্তু বন্ধু সঠিক তথ্য জানে কি না, সেটাও একটা বিষয়। আবার মা–বাবা, চিকিৎসক, কাউন্সেলর, শিক্ষক, অভিভাবক—যাঁরা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়ে জানাবেন, তাঁরা কীভাবে জানাবেন, সেটা নিয়ে কোনো গাইডলাইন করা যায় কি না, সেটা ভেবে দেখা যেতে পারে।

নন্দলাল সূত্রধর

 ২০১৭ সাল থেকে কিশোর-কিশোরীদের পুষ্টি নিয়ে কাজ করছি। তাদের পুষ্টির বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কৈশোরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তাদের সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। মুঠোফোনের ব্যবহার বন্ধ করা যাবে না। কিন্তু এ প্রযুক্তি থেকে কীভাবে ইতিবাচক তথ্য ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা যায়, সেটি ভেবে দেখতে হবে।

কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া—এসব বিষয় কৌশলপত্রে আশা প্রয়োজন। এসব নিয়ে বহুমুখী উদ্যোগের প্রয়োজন। এ ক্ষেত্রে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, গণমাধ্যম—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৈশোর সময়টা গুরুত্ব দিতে হবে।

ফাতেমা শবনম

২০১৮ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে। জাতীয় কৌশলপত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অপারেশনাল প্ল্যানের যে কার্যক্রম, তার ওপর গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। কৌশলপত্রের প্রথম কাজ ছিল যৌন ও প্রজননস্বাস্থ্যসেবা নিয়ে। এ ক্ষেত্রে আমরা সেবা প্রদানকারীর দক্ষতা উন্নয়নে কাজ করেছি। কিশোর-কিশোরীদের পুষ্টির ‍বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। পুষ্টি নিয়ে আমরা হয়তো সরাসরি কাজ করিনি। তবে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ ম্যানুয়ালে পুষ্টির বিষয় এসেছে।

আমরা নতুন বিবাহিত দম্পতিদের ইনফরমেশন বক্স দিয়ে সহযোগিতা করেছি। যৌন ও প্রজননস্বাস্থ্যসহ এসব বিষয়ে তাঁরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। গর্ভপূর্ব ও পরবর্তী সেবার ক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে।

মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কাজ করেছি। বিভিন্ন স্কুল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেছি। কমিউনিটি ও এফএম রেডিওর সঙ্গে আমরা কাজ করেছি। ট্রান্সজেন্ডার, চা-বাগান ও পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করেছি।

এসব  জনগোষ্ঠীর জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার ও বেসরকারি অনেক সংস্থা কাজ করছে। তাদের মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করি।

মো. জহিরুল ইসলাম

জাতীয় স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র হলো ১৩ বছরের স্ট্র্যাটেজি। ফলে এর মধ্যবর্তী মূল্যায়ন হওয়া দরকার। কৈশোর স্বাস্থ্য নিয়ে কাজ হচ্ছে। কারণ, এ মাসে আমি এ বিষয়ে কয়েকটি আলোচনায় অংশ নিয়েছি। কিশোর-কিশোরীদের নিয়ে বহু বছর কথা হচ্ছে। ডিজিটাল টেকনোলজি ছাড়া প্রায় একই বিষয়ে কথা হচ্ছে। এবার আমাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ‘এস’ শব্দটি এসে এসআরএমএনসিএইচ হয়েছে। এটি একটি অগ্রগতি। ইউএনএফপিএ জেলা পর্যায়ে রিপ্রোডাক্টিভ হেলথ অফিসার নিয়োগের বিষয় বিবেচনা করছে। কৈশোর স্বাস্থ্য নিয়ে অনেক সংগঠন কাজ করছে। কিন্তু সবার মধ্যে সমন্বয় দরকার।

ইউনিসেফ ২০২৩ সালের শেষে আবার কৈশোর কনফারেন্সের প্রস্তাব দিয়েছে। অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনেক অ্যাপ আছে; কিন্তু একটা সময় গিয়ে এর ধারাবাহিকতা থাকে না। গ্রাম-শহর ও বাংলা-ইংরেজি মিডিয়ামের কিশোর এক নয়। তাহলে আমরা কীভাবে কাজ করব। এ ক্ষেত্রে টার্গেটেড অ্যাপ্রোচ না ইউনিভার্সাল অ্যাপ্রোচ হবে, সেটা একটা বিষয়।

অপারেশনাল প্ল্যান এখনো চূড়ান্ত হয়নি। অপারেশনাল প্ল্যান যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত কাজ করে যেতে হবে। ফ্যামিলি প্ল্যানিং স্ট্র্যাটেজি এখনো শেষ হওয়ার কথা নয়। আমি শেষ কথা বলব যে যতটুকু কাজ হয়েছে, সেটা গ্রহণ করতে হবে আর যেটা হয়নি, সেটা অর্জন করতে হবে।

এলভিনা মোস্তারী

আমি সেবাদানকারীদের প্রশিক্ষণের সঙ্গে জড়িত। ২০১৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত স্ট্র্যাটেজি হয়েছে। ১ হাজার ২৫৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সেখানে সেবা প্রদানকারীরা সেবাদান করছেন। আমি যখন তঁাদের প্রশিক্ষণ দিতে যাই, তখন এসব সেবাকেন্দ্রের অনেক সিনিয়র স্টাফের কাছে যখন জানতে চাই, তঁারা এসআরএইচআর শব্দটি শুনেছেন কি না, তঁারা   অনেকেই বলেন যে শোনেননি।

কৈশোর স্বাস্থ্যের চারটি বিষয়ে তঁারা জানেন কি না। তঁারা অনেকেই আসলে বলতে পারছেন না। এটা তঁাদের সমস্যা নয়। কিন্তু আমরা যাঁরা প্রশিক্ষণ দিতে যাই, তাঁরা এ বিষয়গুলো হয়তো তঁাদের ভালো বোঝাতে পারছি না। আরেকটা সমস্যা হলো একই ব্যক্তিকে সেবা প্রদান ও কাউন্সেলিংয়ের জন্য নির্বাচিত করছি। কাউন্সেলিংয়ের জন্য একটা ভালো পরিবেশ দরকার, যেখানে কিশোর-কিশোরীরা তাদের মনের কথা বলতে পারবে।

আমাদের জনসংখ্যার ২১ শতাংশ কিশোর-কিশোরী। ১০ থেকে ২০ শতাংশ কিশোর-কিশোরী কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। তাদের জন্য সবাইকে সোশ্যাল কাউন্সেলিং অত্যন্ত জরুরি। কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত পুষ্টিও জরুরি বিষয়।

নুরুন নাহার বেগম

আমরা কী চাই। আমার চাই আমাদের কিশোর-কিশোরীরা একটা সুন্দর দেশে বাস করবে। সৎ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হয়ে বেড়ে উঠবে। কিশোর-কিশোরীদের নিজেদের মধ্য থেকে চাহিদা তৈরি হতে হবে যে তাদের এটা প্রয়োজন। তারা যখন নিজেরা নিজেদের প্রয়োজনগুলো অনুভব করবে, তখনই আমাদের কাজে আরও অগ্রগতি আসবে।

গ্রাম, শহর ও দুর্গম অঞ্চলের মধ্যে পার্থক্য রয়েছে। প্রতি এলাকার জন্য তাদের চাহিদামতো পরিকল্পনা নিতে হবে। ২০১৭ সালের আগে আমাদের কোনো কৌশলপত্র ছিল না। তখন বিচ্ছিন্নভাবে কাজ করেছি। আমরা এখন কৌশলপত্রের আলোকে কাজ করছি।

আমাদের মূল্যায়ন করে দেখতে হবে, কোথায় কাজ কম হয়েছে, কোথায় বেশি। দুর্বলতাগুলো বের করতে হবে। পরবর্তী সেক্টর প্রোগ্রামে সেগুলো আনতে হবে।

দেশে কত স্কুল-মাদ্রাসা আছে। কত প্রোগ্রাম করতে হবে। কলেজেও আমরা কাজ করব কি না। সেভাবে আমাদের কোনো পরিকল্পনা নেই। দেশের সব কিশোর-কিশোরীকে যদি সেবা দিতে চাই, তাহলে আমাদের কত ব্যয় হবে, এর কোনো হিসাব নেই। কোথায় কত খরচ হবে, এ ধরনের পরিকল্পনা না থাকলে আমরা এগোতে পারব না।

শুধু সরকারের পক্ষে শতভাগ সেবা দেওয়া সম্ভব নয়। সরকারি–বেসরকারি সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করতে হবে। এরপরও সরকারি প্রতিষ্ঠানে এলে কাউকে ফেরত দেওয়া হয় না। আমাদের শিশুরা মারামারি–গোলাগুলির কার্টুন দেখে। ফলে তাদের মনস্তত্ত্ব সেভাবে তৈরি হয়। এখানে বাবাকে দায়িত্ব নিতে হবে। কোন বয়সে কী ধরনের বিষয় তারা দেখবে বা দেখবে না, এর সীমারেখা থাকা উচিত। ১০ থেকে ১৯ বছর বয়সের কিশোর-কিশোরীদের কথা বলছি। আমি মনে করি, শিশুকে মায়ের গর্ভ থেকে জন্মের পর ১৯ বছর বয়স পর্যন্ত সুরক্ষা দিতে হবে। শিশুকে শুধু খাবার দিলেই হবে না; তাকে খেলার ও বিনোদনের সুযোগ দিতে হবে।

স্কুল ও হাসপাতালে শিক্ষক ও চিকিৎসকদের বাথরুমে তালা থাকে। শিক্ষার্থীরা বা রোগীরা কোথায় যাবে, এর কোনো খবর নেই। আমরা শিশুদের অনেক বড় স্বপ্নের কথা বলি; কিন্তু মানুষ হওয়ার কথা বলি না।

একজন শিশু যখন ভালো মানুষ হবে, তখন সে অনেক বড় স্বপ্ন পূরণ করতে পারবে। আমরা অনেক সময় বলে থাকি, চিকিৎসকেরা কসাই হয়ে গেছেন। আসলে সত্যিকার চিকিৎসক সব সময় মানবিক। কিন্তু বাস্তবতা হলো কিছু কসাই যখন চিকিৎসক হন, তাদের ক্ষেত্রে এমন কথা বলা হয়।

আমরা যে  যে পেশায় কাজ করি না কেন,  সবাইকে ভালোবেসে সেবা দিতে হবে।

কাজী সুরাইয়া সুলতানা

আজ খুব সুন্দর আলোচনা হয়েছে। সবাই মন খুলে কথা বলেছেন। আজ যে আলোচনা  হলো, এটা যদি আমরা অামাদের সমাজে, পরিবারে, ব্যক্তিজীবনে কাজে লাগাই, তাহলে সমাজ এগিয়ে  যাবে। আমরা হয়তো অনেক কিছু করতে পারব না। কিন্তু প্রত্যেকে এটা চাই যে আমাদের সন্তানেরা ভালো মানুষ হোক। আমাদের ঘর সুন্দর হোক।

এখনকার দিনে অভিভাবকদের সাধারণত একটা বা দুইটা সন্তান থাকে। তাদের ভালো মানুষ করা খুব বেশি কঠিন কাজ না। আমরা সন্তানদের বলি তোমরা এখানে আসবে না, বড়দের মাঝে বসবে না, তাদের কথা শুনবে না। কোনো সিদ্ধান্ত গ্রহণে তাদের রাখা হয় না। এসব বিধিনিষেধ দেওয়া ঠিক না। এটা শিশুদের জন্য ভালো হয় না।  বাবা–মা যদি ঝগড়া করেন, তাহলে সন্তানেরা এটা শিখে। বাবা-মাকে সম্মান করে না। এ জন্য আমাদের পরিবারকে সুন্দর করতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মকে নিজের ও জাতীয় জীবন সম্বন্ধে সচেতন করতে সরকারি–বেসরকারি পর্যায়ে কত চেষ্টা চলছে, সেই বিষয়ে আমরা এতক্ষণ  গুণীজনদের বক্তব্য শুনলাম। এটা সত্যি, সমগ্র বিশ্ব এখন পরবর্তী প্রজন্মকে ভবিষ্যৎ স্বপ্নদ্রষ্টা হিসেবে দেখছে। নিজেকে জানা, জাতিকে জানা, নিজস্ব সংস্কৃতি জানা এবং তার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য এসআরএইচআর ও সমন্বিত যৌনশিক্ষা সম্বন্ধে জানা। অতীত, বর্তমান ও ভবিষ্যতের  প্রচলিত ধ্যানধারণাকে ভেঙে এর থেকে উত্তরণের চেষ্টা করা। সহনশীল সমাজ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করা। যুগের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক অবক্ষয় রোধ করে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার কথা শুনলাম।  আমাদের প্রত্যাশা, সরকারি–বেসরকারি ও বিভিন্ন দাতা সংস্থাসহ সবার সম্মিলিত উদ্যোগে অচিরেই  লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আশা করি। সেই সঙ্গে আরএইচস্টেপের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি।

ফিরোজ চৌধুরী

আজকের কিশোর–কিশোরীই ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাদের প্রজননস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা থেকে অনেক পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। নীতিনির্ধারণী পর্যায় থেকে এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পরামর্শা

  • কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থে্র সঙ্গে তাদের মানসিক স্বাস্থে্যর প্রতিও গুরুত্ব দিতে হবে।

  • কিশোরীদের মাসিক ব্যবস্থাপনার বিষয়ে অভিভাবকদের সচেতনতা জরুরি।

  • যৌন ও প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে কিশোর-কিশোরীদের কাছে সঠিক তথ্যসেবা নিশ্চিত করতে হবে।

  • কিশোর-কিশোরীরা কী চায়, তাদের কী প্রয়োজন—সেভাবে কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন।

  • বিবাহিত এবং শারীরিকভাবে অক্ষম কিশোর-কিশোরীদের কৈশোর স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্বসহকারে ভাবতে হবে।

  • কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবার, খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ প্রয়োজন।

  • যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে  শিক্ষকদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।

  • কিশোর-কিশোরী ও তাদের পরিবারের কাছে মানসিক, যৌন ও প্রজননস্বাস্থ্যসেবার সঠিক তথ্য পৌঁছানো অত্যন্ত জরুরি।

  • স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৈশোর স্বাস্থ্যে গুরুত্ব দিতে হবে।

  • শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর–কিশোরীদের জন্য পরিষ্কার–পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।