
আমি ধন্য। কারণ ছোট এই জীবনে অনেক গুণী শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করেছি। পিতৃতুল্য সেই সব শিক্ষকেরা ছিলেন অতুলনীয়। তাঁদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম স্যার অন্যতম। সব সময় তার উপদেশ মনে পড়ে। ভালো মানুষ হওয়ার কথা বলতেন তিনি।
সাজেদুল করিম স্যার কথার জাদুকর। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা শুনতাম তাঁর কথা। স্যার বলতেন, ‘যে যেই কাজ কর, সেরা কাজটাই করবে। সৎ পথ কাউকে ঠকায় না।’ তিনি গণিতের অধ্যাপক। কিন্তু তাঁর কথা শুনলে যে কেউ সাহিত্যের অধ্যাপক ভেবেও ভুল করতে পারে। গণিতের মতো বিষয় এত সহজ করে হাজারো শিক্ষার্থীকে বুঝিয়েছেন যে, তিনি নিজেই একটি বিশ্ববিদ্যালয়।
কোনো দিন ক্লাসে বই বা নোট আনতে দেখিনি স্যারকে। তিনি যেন সদা প্রস্তুত। এসব মানুষ ক্ষণজন্মা। তাঁর প্রত্যেকটি কথা আমার মতো হাজারো শিক্ষার্থীর পথ চলার পাথেয়। আজকের এই দিনে তাঁকে জানাই হাজার সালাম।
প্রথম আলোকে অনেক ধন্যবাদ শিক্ষকদের শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য। আসলেই যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো।
লেখক: মো.ইবনে সাহেদ আলম চৌধুরী