অন্যকলাম

অবমাননা

ম্যাচ শুরু হয়নি তখনো। আরব আমিরাতের জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলাচ্ছেন একদল ফুটবলার। হঠাৎ শোনা গেল ইঞ্জিনের গর্জন। গাওয়া বাদ দিয়ে সবাই পড়িমড়ি করে দৌড় দিলেন পার্কিং লটে। সেখানে দাঁড় করিয়ে রাখা আছে বিলাসবহুল বিএমডব্লু গাড়ি। এমন বিজ্ঞাপন নিয়েই আরব আমিরাতে উঠে গেছে বিতর্কের ঝড়। আল-আইন ক্লাবের খেলোয়াড়েরা জার্মান গাড়ি বিএমডব্লুর একটা বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে আমিরাতের জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত ক্লাবের পরিচালকদেরও আক্কেলসেলামি দিতে হয়েছে। ভাইস চেয়ারম্যান জায়েদ আল নাহিয়ান সব পরিচালককেই বরখাস্ত করেছেন। আর ওই বিজ্ঞাপনের সঙ্গে যেসব বিপণন কর্মকর্তা জড়িত ছিলেন, তাঁদেরও ছাঁটাই করা হয়েছে। আর সমালোচনার মুখে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটাও তুলে নিতে হয়েছে। এএফপি।