ভারতের হয়ে নরেন্দ্র হিরওয়ানির রেকর্ডটা কবে ভাঙবে কে জানে! সেই ১৯৮৮ সালে চেন্নাইতে নিজের অভিষেক টেস্টে ১৬ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। এর আগে-পরে হিরওয়ানির কাছাকাছিও যেতে পারেননি কেউ। কাল ইডেন গার্ডেনসে মোহাম্মদ সামি ৯ উইকেট নিয়ে বসলেন হিরওয়ানির ঠিক পরেই। তালিকায় তৃতীয় সদস্য রবিচন্দ্রন অশ্বিনও দুই বছর আগে নিজের অভিষেকে নিয়েছিলেন ৯ উইকেট। সেটাও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৮ উইকেট নিয়েছেন কেবল একজন, ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিলীপ দোশি। ৭ উইকেট নিয়েছেন পাঁচজন—বিশ্বনাথ কুমার, আবিদ আলী, শিবলাল যাদব, মুনাফ প্যাটেল ও অমিত মিশ্র।