লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলের হয়ে আইপিএল খেলার সুযোগ ছিল তাসকিন আহমেদের। কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় আইপিএল খেলার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতীয় দলের এই ফাস্ট বোলার।
আজ দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে তাসকিন জানালেন, দেশের হয়ে ভালো খেলার কারণেই আইপিএলে ডাক পেয়েছেন। তাই দেশের হয়ে ধারবাহিকভাবে খেলে যাওয়াই এখন তাঁর একমাত্র লক্ষ্য।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমকে তাসকিন বলছিলেন, ‘দেখুন, একজন খেলোয়াড় হিসেবে আইপিএল খেলতে সবারই মন চায়, সব সময় মন চায়। যেহেতু দেশের খেলা ছিল, ওই সময় তখন কিছু করার ছিল না। দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএল খেলার সুযোগ হয়েছে। ম্যান অব দ্য সিরিজ, সিরিজ জয় ওটা পুষিয়ে দিয়েছে। এখন যদি একটা টেস্ট জিততে পারি, তাহলে সেটা আরও বেশি ভালো হবে।’
এখন আগামী আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা নিয়েও ভাবছেন না এই ফাস্ট বোলার, ‘এটা নিয়ে আসলে আশা নেই। যদি হয় হবে, না হলে নাই। কিন্তু দেশের হয়ে নিয়মিত খেলতে চাই।’
কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট না খেলেই তাসকিনকে দেশে ফিরতে হলো। চোটের সমস্যা ছিল আরেক পেসার শরীফুল ইসলামেরও, তিনিও আজ একই ফ্লাইটে দেশে ফিরেছেন। দুজনই ওয়ানডে সিরিজে ছিলেন দারুণ ধারবাহিক। তাসকিন তো ৮ উইকেট নিয়ে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
আজ দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই অনবদ্য পারফরম্যান্সের প্রসঙ্গে তাসকিন বলছিলেন, ‘এটা অন্য রকম একটা সিরিজ। সব সময় চেয়েছি বড় দলের বিপক্ষে জয়ে ভূমিকা রাখতে। আল্লাহর অশেষ রহমতে এবার পেরেছি এবং জয়ও পেয়েছি। সামনে যাতে এ রকম আরও বেশি সিরিজ জয় করতে পারি, আমরা যেন দলগতভাবে ভালো খেলি এবং আমার অবদান যেন বেশি থাকে, সেই চেষ্টা করব।’
এবারের দক্ষিণ আফ্রিকা সফরে শরীফুলের অভিজ্ঞতা বাকিদের থেকে একটু ভিন্ন। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে এসেছিলেন এই বাঁহাতি পেসার। এবার জাতীয় দলের হয়েও পেলেন সাফল্য। শরীফুল অবশ্য বিষয়টিকে দেখছেন অন্যভাবে, ‘শুধু দক্ষিণ আফ্রিকা নয়, দেশের হয়ে যেকোনো জায়গায় ভালো করাই অন্য রকম অনুভূতির ব্যাপার। আশা করি সামনেও এই ধারা বজায় থাকবে।’