
নাসির হোসেনের সৌজন্যে বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের মুখে মুখে ফেরে একটি লাইন—‘ক্রিকেট গোল বলের খেলা, কী হয় বলা মুশকিল।’ যেকোনো জটিল প্রশ্নে নাসিরের এটি প্রিয় উত্তর। অনেকে এটিকে রসিকতা ভাবতে পারেন। দেশের শীর্ষ ক্রিকেটারদের মুখে এমন কথা কৌতুক নয় তো কী! সাংবাদিকেরাও প্রথমে এটাই ভেবেছিলেন। পরে বোঝা গেছে, আসলে মজা নয়, নাসিরের এটা মনের কথা! খুব ভাবাভাবি তাঁর ধাতে নেই। সোজা-সাপ্টা ক্রিকেট-দর্শনকাল সংবাদ সম্মেলনে পিটার ফুলটন বলে গেলেন, তাঁদের লক্ষ্য চার শর আশপাশে রান করা। সেটা শুনে নাসিরের নির্বিকার উত্তর, ‘তাহলে আমাদের লক্ষ্য ওদের চার শ করতে না দেওয়া!’ একদম সহজ দর্শন, বিশ্লেষণজাতীয় কিছুর ধারেকাছে নেই তিনি। শুধু সঙ্গে আরেকটু যোগ করলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব ওদের আউট করতে চাই।’
কাল সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন তিনি। ফুলটন ও উইলিয়ামসনের জুটিটা চেপে বসেছিল বিষম ভার হয়ে। ফুলটনকে ফিরিয়ে সেই ভার সরিয়েছেন, খুলে দিয়েছেন উইকেটের রাস্তা। যে পথে হেঁটে শেষ বিকেলে ঘুরে গেছে দিনের মোড়। দিন শেষে তাই নাসিরের কণ্ঠে তৃপ্তি, ‘শেষ এক ঘণ্টায় আমরা দারুণভাবে ফিরে এসেছি। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিতে পেরেছি। আমি বলব, নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে, খুব ভালো অবস্থানে আছি আমরা।’ এ জন্য অবশ্য কৃতিত্ব দিতে হবে টিম ম্যানেজমেন্টকেও। আট ব্যাটসম্যান খেলানোর রক্ষণাত্মক সিদ্ধান্ত থেকে বেরিয়ে আরেকজন বোলার খেলানোর ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায়। মাহমুদউল্লাহর সম্ভাব্য জায়গায় সুযোগ পাওয়া আবদুর রাজ্জাক নিয়েছেন টেলর-ম্যাককালামের মহাগুরুত্বপূর্ণ উইকেট দুটি। নিঃসন্দেহে কাল দলের সেরা বোলারও তিনি। বোলিং বিশ্লেষণ যা বলছে, আসলে বোলিং করেছেন তাঁর চেয়ে অনেক ভালো। শুরুর অস্বস্তি কাটিয়ে চোট কাটিয়ে ফেরা সাকিবের শেষ বিকেলের বোলিংও দলের জন্য আশা-জাগানিয়া।
আজ ‘যত দ্রুত সম্ভব’ নিউজিল্যান্ডকে গুটিয়ে দিতে চান নাসির। বাস্তবতা বলছে সেটি খুবই সম্ভব। কাল দিনের শেষ ওভারে ব্রেন্ডন ম্যাককালাম ফিরে যাওয়ার পর নিউজিল্যান্ডে স্বীকৃত ব্যাটসম্যান বলতে এখন শুধু বিজে ওয়াটলিং। তবে এখনো দলে জায়গা পাকা করতে লড়ছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। চাপের মুখে স্পিন-মিছিল সামলানো তাঁর জন্য হবে কঠিন পরীক্ষা। অভিষিক্ত কোরি অ্যান্ডারসনকে বলা যায় ‘মিনি অলরাউন্ডার’, মন্থর উইকেটে ব্যাট হাতে তিনিও খুব একটা হুমকি হওয়ার কথা নয়। লোয়ার-মিডল অর্ডারে বাংলাদেশের বরাবরের বাধার প্রাচীর ড্যানিয়েল ভেট্টোরিও এবার নেই। নাইটওয়াচম্যান ব্রুস মার্টিন আর ব্রেসওয়েল-সোধিদের ব্যাটের হাত অবশ্য খারাপ নয়। তবে লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত ফেরাতে না পারলে তো আর ম্যাচ জেতার আশা করা যায় না!
আজকের প্রথম সেশনটিই তাই হয়তো ঠিক করে দেবে ম্যাচের সম্ভাব্য গতিপথ। আজকের সকালই ঠিক করে দেবে, কাল শেষ বিকেলে হাতে পাওয়া লাগাম আরও শক্ত হবে, নাকি হয়ে যাবে আলগা!