রেকর্ড কর্নার

আবারও কুক

এক, দুই, তিন ও চার হাজারের মতো ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে পাঁচ হাজার রানের রেকর্ডও কাল নিজের করে নিলেন অ্যালিস্টার কুক। তবে নিজ দেশের সর্বকনিষ্ঠ হলেও কুক ছাড়াতে পারেননি শচীন টেন্ডুলকারকে। ১৯৮৪ সালের ক্রিসমাস ডেতে জন্ম নেওয়া কুকের বয়স ছিল কাল ২৬ বছর ১০ দিন। ১৯৯৯ সালে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে পাঁচ হাজার রান ছোঁয়ার দিন টেন্ডুলকারের বয়স ছিল ২৫ বছর ২৯৮ দিন। সর্বকনিষ্ঠ দুজন কিন্তু অনেক পিছিয়ে আছেন ম্যাচ আর ইনিংসের রেকর্ডে। পাঁচ হাজার রান করতে ম্যাচ-ইনিংস দুটোই সবচেয়ে কম খেলেছেন স্যার ডন ব্র্যাডম্যান, মাত্র ৩৫ ম্যাচ আর ৫৫ ইনিংস! দুইয়ে আছেন আরেক গ্রেট, স্যার জ্যাক হবস। পাঁচ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান হবসের এই মাইলফলক ছুঁতে লেগেছিল ৫৫ টেস্ট ও ৯১ ইনিংস।