লুইস এনরিকে একটু মন খারাপ করতেই পারেন, ‘বিদায় নিলাম সপ্তাহ খানেকও হলো না, এর মধ্যেই আমার সমালোচনা শুরু!’ সমালোচনা ঠিক নয়, সাবেক কোচের অধীনে শেষ মৌসুমে নিজের অতৃপ্তির কথা বলেছেন বার্সেলোনা লেফটব্যাক জর্ডি আলবা। সদ্য সমাপ্ত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি ২৮ বছর বয়সী স্প্যানিয়ার্ড। নতুন কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে আরও ভালো, আরও নিয়মিত খেলার আশা করছেন। তবে দুই কোচের তুলনায় গিয়েই আলবার কথার মধ্যে এনরিকের সমালোচনা-সমালোচনা ভাবটা চলে এসেছে, ‘ভালভার্দে আসায় আমি অনেক খুশি। আমার মনে হচ্ছে, তিনি অনেক সাহসী কোচ। বল পায়ে সঠিক পদ্ধতিতে খেলাতেই পছন্দ করেন।’ তার মানে কী, এনরিকে রক্ষণাত্মক কোচ ছিলেন? আলবা আক্রমণে বেশি উঠে যেতেন বলেই তাঁকে খেলাননি এনরিকে, ইঙ্গিতটা এমন? মার্কা।