
জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়েছিল যেখানে, শততম ম্যাচটি খেলতে জেপি ডুমিনি ফিরে এলেন সেখানেই। ২০০৪ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে অভিষেক, এবার শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডেটি ছিল ডুমিনির শততম ম্যাচ! বিদেশের মাঠে একই মাঠে অভিষেক ও শততম ওয়ানডে খেলাকে নেহাত কাকতালই বলতে হয়। ওয়ানডেতে এই কাকতাল ঘটেছে আর ছয়জনের ক্যারিয়ারে। সংখ্যাটা এত বেড়েছে আসলে একসময় শারজায় প্রচুর ওয়ানডে হতো বলে। মুশতাক আহমেদ, হাশান তিলকরত্নে, বিনোদ কাম্বলি ও অনিল কুম্বলের অভিষেক ও শততম ওয়ানডে শারজায়। এ ছাড়া ডাম্বুলাতে সুরেশ রায়নার, হারারেতে তামিম ইকবালের। নিজের দেশের একই মাঠে অভিষেক ও শততম ওয়ানডে খেলেছেন ১৩ জন।