এক দিন বাদেই ক্রিসমাস। কিন্তু এর আগে অ্যাস্টন ভিলার উৎসবটাই মাটি করে দিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে কাল তাদের যে গুনে গুনে ৮ গোল দিয়েছে ব্লুজরা! প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে যাওয়া চেলসি দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও ৫ গোল। ম্যাচের শেষ ৩২ মিনিটে হয়েছে সেগুলো। রামিরেজ করেছেন ২টি গোল। তোরেস, লুইজ, ইভানোভিচ, ল্যাম্পার্ড, অস্কার ও হাজার্ডের গোল ১টি করে। ৮৪ মিনিটে অবশ্য লুকাস পিয়াজনের পেনাল্টি ঠেকিয়ে দেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক ব্রাড গুজান। এই জয়ে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।ইংলিশ লিগে ৮-০ ব্যবধানে জয়ের রেকর্ড অবশ্য এটাই প্রথম নয় চেলসির। এর আগে ২০১০ সালের মে মাসে এই চেলসিই ৮-০ ব্যবধানে হারিয়েছিল উইগান অ্যাথলেটিককে। সবচেয়ে বেশি ব্যবধানে জেতার রেকর্ডটি ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৯৯৫ সালে ৯-০ গোলে হারিয়েছিল ইপসউইচ টাউনকে। এএফপি।