রিবেরি-বেনজামার সুখবরঅপ্রাপ্তবয়স্ক দেহপসারিণীর সঙ্গে দৈহিক সম্পর্কের অভিযোগে চলছে পুলিশি জেরা। এমন দুঃখের সময়ে ফ্রাঙ্ক রিবেরি, করিম বেনজামাকে আনন্দের সংবাদই দিলেন ফ্রান্সের নতুন কোচ লরাঁ ব্লাঁ। স্বাস্থ্য ও ক্রীড়ামন্ত্রী ও উপক্রীড়ামন্ত্রীর মতের তোয়াক্কা না করে ব্লাঁ বলে দিলেন, ফ্রান্স দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন রিবেরি, বেনজামা। এরই মধ্যে ফ্রান্সের স্বাস্থ্য ও ক্রীড়ামন্ত্রী রোসেলিন বাচেলোট এবং উপক্রীড়ামন্ত্রী রামা ইয়াদে বলেছিলেন, বিচারকি তদন্তের মুখে থাকা কোনো খেলোয়াড় ফ্রান্স দলের প্রতিনিধিত্ব করতে পারবে না। কিন্তু ব্লাঁ বললেন, ‘অপরাধ তদন্ত একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু আমি এখানে দুই বছর আছি। রিবেরি ও বেনজামা দলের মূল খেলোয়াড়।’ রয়টার্স।উয়েফাকে নাদালের নিন্দাদেনার দায়ে জর্জরিত হতে পারে। তাই বলে নীতিমালা ভঙ্গের ঠুনকো অজুহাতে টুর্নামেন্ট থেকে বহিষ্কার? রিয়াল মায়োর্কাকে ইউরোপা লিগ থেকে বহিষ্কার করায় তাই উয়েফার ওপর খুবই চটেছেন ক্লাবটির অন্যতম মালিক রাফায়েল নাদাল। ক্ষুব্ধ নাদাল এ জন্য কড়া নিন্দা করেছেন উয়েফার। মায়োর্কা অবশ্য এরই মধ্যে আপিল করেছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে। দ্বীপটির রাজধানী পালমার রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে হাজার তিনেক সমর্থক। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনজয়ী টেনিসের নাম্বার ওয়ান খেলোয়াড় পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন উয়েফার বিরুদ্ধে, ‘মায়োর্কার সব সমর্থকের মতোই খারাপ লাগছে আমার। এটা একটা বিরাট ধাক্কা। কারণ ইউরোপে খেলাটা আপনার কাছে রোমাঞ্চকর। এটা তো খেলোয়াড়দের অর্জন। আমি জানি না বাদ দেওয়ার কারণটা কী। কিন্তু কারণ যদি হয় অর্থনৈতিক, তা হলে কোনো দলই ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে পারে না। কারণ প্রত্যেকের অবস্থাই একই।’ রয়টার্স।বার্সার লোকসান!২০০৯ সালে বিশ্বের একমাত্র ক্লাব হিসেবে গড়েছে হেক্সা জয়ের অনন্য রেকর্ড। গত মৌসুমেও ঘরে তুলেছে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা। মাঠের সাফল্যের সুবাদে যারা উড়ছে আকাশে, সেই বার্সেলোনাকে কি না দেখতে হয়েছে লোকসানের মুখ! বিস্ময়টা আরও বাড়ে এই তথ্যে যে, বিগত সাত বছরে বার্সেলোনাকে প্রথম লোকসান গুনতে হচ্ছে মাঠের সেরা সময়ে! ডেলোইট্টের নিরীক্ষায় জানা গেছে, ২০০৯-১০ মৌসুমে বার্সার লোকসান হয়েছে ৭ কোটি ৭১ লাখ ইউরো। অথচ আগের বোর্ড দেখিয়েছে, জুন পর্যন্ত নিট লাভ ১ কোটি ১০ লাখ ইউরো। বার্সার সহসভাপতি হাভিয়ের ফাউস জানিয়েছেন, ক্লাবের ২০০৮-০৯ মৌসুমের দায় ৩২ কোটি ৯০ লাখ ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ২০ লাখ ইউরো। রয়টার্স, এএফপি।