অনন্য রোনালদো

বছরের শুরুতেই লিওনেল মেসির রাজত্বে হানা দিয়ে ফিফা ব্যালন ডি’অর জয়। ৪৭ ম্যাচে ৫১ গোল নিয়ে এই মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। রোনালদো-কীর্তির বাকি ছিল আরও। পরশু আটলেটিকোর বিপক্ষে ফাইনালে গোল করে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের নতুন রেকর্ড তো গড়েছেনই, নাম তুলেছেন আরও একটা রেকর্ডে। দুটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলা বা শিরোপা জয়ের অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু দুটি ভিন্ন ক্লাবের হয়ে ফাইনালে গোল করা ও দলকে জেতানোর কৃতিত্ব এখন শুধু রোনালদোর। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চেলসির বিপক্ষে ফাইনালে করেছিলেন দলের একমাত্র গোলটি। ম্যাচটা ম্যানইউ জিতেছিল টাইব্রেকারে। পরশু রিয়াল মাদ্রিদের জার্সি গায়েও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেছেন পর্তুগিজ যুবরাজ। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও ছুঁয়ে ফেলেছেন রোনালদো। ৬৭ গোল নিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানটা এখন ভাগাভাগি করছেন সময়ের সেরা দুই খেলোয়াড়। ৭১ গোল নিয়ে শীর্ষে স্প্যানিশ স্ট্রাইকার রাউল।
তাঁরা দুজন
সময় বাকি সবাইকে ছিটকে দিয়েছে। তবে দুজন আছেন রিয়ালের নবম ও দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপার সাক্ষী হয়ে। এঁদের মধ্যে একজনের ভূমিকা অবশ্য বদলে গেছে। এক যুগ আগে যাঁর ভলিতে বেয়ার লেভারকুসেনকে হারিয়ে নবম শিরোপা জিতেছিল রিয়াল, সেই জিদান এবার সহকারী কোচ। ওই ম্যাচে বদলি নেমে দারুণ কিছু সেভ করেছিলেন ক্যাসিয়াস। আর পরশু তো তিনি রিয়ালের অধিনায়কই। রিয়ালের লা ডেসিমা ছাড়াও পরশু ব্যক্তিগত ডেসিমাও হয়ে গেল ক্যাসিয়াসের। ১৯৯৭ সালে অনূর্ধ্ব-১৬ ইউরো কাপ থেকে শুরু করে এবার চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত মোট দশটা ফাইনাল জিতেছেন স্প্যানিশ গোলরক্ষক।
বেল-গডিনের কীর্তি
জয়ের আনন্দ আর খুব কাছে গিয়েও হারের আক্ষেপ ছাড়াও লিসবনের ফাইনালটা স্মরণীয় দুই প্রতিপক্ষ গ্যারেথ বেল ও ডিয়েগো গডিনের জন্য। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করা প্রথম ওয়েলশ ফুটবলার বেল। একই কীর্তি গডিনের। তাঁর আগে আর কোনো উরুগুইয়ান ফুটবলারের সৌভাগ্য হয়নি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করার। গডিন অবশ্য আরও চমকপ্রদ একটা কাণ্ড করেছেন। এই মৌসুমের সব ধরনের টুর্নামেটে মোট ৮টি গোল করেছেন আটলেটিকো ডিফেন্ডার, সবগুলোই হেডে।
৪১
চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে ৪১ গোল করেছে রিয়াল, ১৩ ম্যাচের মৌসুমে সবচেয়ে বেশি
২০০
পরশুর ফাইনাল ছিল চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ২০০তম ম্যাচ।