রেকর্ড কর্নার

তবুও ড্র

এত কাছে, তবু এত দূর। ওভালে আরেকবার এই অনুভূতি হলো ইংল্যান্ডের। জয় থেকে তারা মাত্র ২১ রান দূরে থাকতেই শেষ হলো পঞ্চম টেস্ট। অ্যাশেজের ড্র হওয়া ম্যাচে অবশিষ্ট রানের হিসেবে এই টেস্টের অবস্থান দুইয়ে। ১৯৭৪-৭৫ মৌসুমের মেলবোর্ন টেস্টটা একে। সেবার অস্ট্রেলিয়া ও জয়ের মধ্যে মাত্র ৮ রানের ব্যবধান ছিল। সব মিলিয়ে ওভাল টেস্টের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ড্র (রানের হিসেবে) ম্যাচ আছেই ১১টি। এর দুটিতে আবার মাত্র ১ রানের জন্য জেতেনি একটি দল। ১৯৯৬ সালে বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের বেঁধে দেওয়া ২০৫ রানের লক্ষ্যে ছুটে ইংল্যান্ড ৬ উইকেটে ২০৪ রানে পৌঁছানোর পরই শেষ হয়ে যায় খেলা। ১৫ বছর পর ২০১১ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই দুর্ভাগ্য ভারতের (২৪২/৯)।