ছোট হয়ে এল বিশ্বকাপের পরিধি। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) আজ নিশ্চিত করেছে, পরবর্তী দুটি বিশ্বকাপে লড়াই হবে ১০ দলের মধ্যে। ২০১৫ সালের আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আর ২০১৯ সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে ইংল্যান্ড।১৪ দলের লড়াই নয়। ১০ দলকে বিশ্বকাপে অংশ নিতে দেওয়ার প্রসঙ্গটি নতুন নয়। আইসিসি বেশ কিছুদিন ধরেই সরাসরি এ কথা বলে আসছিল। বাদ পড়তে হবে বলে প্রতিবাদ জানিয়ে আসছিল চার সহযোগী দেশ কানাডা, কেনিয়া, আয়ারল্যান্ড ও হল্যান্ড। কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অটল থাকল আইসিসি।আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী দুটি বিশ্বকাপ হবে ১৯৯২ বিশ্বকাপের আদলে। যেখানে রাউন্ড-রবিন লিগে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে। সেরা চারটি দল যাবে সেমিফাইনালে।৫০ ওভারের বিশ্বকাপ থেকে বাদ পড়লেও দুর্বল দলগুলো সান্ত্বনা পেতে পারে আইসিসির আরেকটি সিদ্ধান্তে। পরিধি বাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ দলের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েবসাইট।