
বেশি নয়, আজ থেকে বছর পাঁচেক পরেই একটা ম্যাচের কথা কল্পনা করুন। বেকহাম জোরে একটা শট নিলেন, কিন্তু গোলরক্ষক জিদান লাফিয়ে সেটা আটকে দিলেন। খানিক পরে সেই বেকহামের শটেই পরাস্ত জিদান!
ধুর, এটাও কি হয় নাকি! দুজনই তো বুটজোড়া তুলে রেখেছেন। মধ্য চল্লিশে এসে আবার মাঠে নামাটা বাড়াবাড়িই হয়ে যায়। সবচেয়ে বড় কথা, জিদান গোলরক্ষক? নাহ্, নিশ্চয়ই কল্পনার কোনো ম্যাচের কথা হচ্ছে।
মজাটা হলো, এ রকম একটা দৃশ্য দেখা যেতেই পারে। আর যে জিদানকে গ্লাভস হাতে দেখা যেতে পারে, তার শরীরে জিনেদিন জিদানেরই রক্ত। জিদান তনয় লুকা বাবার পথে হাঁটেনি, আদর্শ মেনেছে ইকার ক্যাসিয়াসকে। এখন নিশ্চয় বুঝে ফেলেছেন কোন বেকহামের কথা হচ্ছে। ব্রুকলিন বেকহাম বাবার মতো মাঝমাঠেই খেলে।
বয়সে লুকা ব্রুকলিনের চেয়ে দুই বছরের বড়। ১৬ বছরের লুকা এখন খেলে রিয়াল মাদ্রিদ যুবদলে। তাকে মানা হচ্ছে ক্লাবের সেরা প্রতিভাদের একজন। জিদান ছেলের সাফল্যে নিশ্চয় আপ্লুত, তবে সন্তানের ওপর কোনো চাপ দিচ্ছেন না, ‘সে প্রচুর খাটে, ফুটবলে সফল হওয়ার মতো সবকিছুই তার আছে। যখন কারও প্রতিভা থাকে, তখন সে সফল হবেই। তবে আমাদের আরও অপেক্ষা করতে হবে। সে এখনো মাত্র ১৬।’
ব্রুকলিন অবশ্য বাবার ক্লাবে নাম লেখায়নি। খেলে ফুলহামের অনূর্ধ্ব-১৫ দলে। কিন্তু খুব শিগগিরই বাবার নতুন ক্লাবে চলে আসতে পারে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএসে) নতুন দল কিনছেন বেকহাম। ব্রুকলিন নাকি জানিয়েছে, বাবার ক্লাবে খেলাটা হবে তার জন্য স্বপ্নপূরণ। বেকহামেরও নাকি সায় আছে পুত্রের ইচ্ছায়। ওয়েবসাইট।