পানেসার-ট্রেমলেটের সঙ্গে টেলরও

ট্রেন্ট ব্রিজে বাজে বোলিংয়ের খেসারত দিতে হয়েছে লর্ডসের একাদশে জায়গা হারিয়ে। এবার স্কোয়াড থেকেই ছিটকে গেলেন স্টিভেন ফিন। ডানহাতি পেসারকে রাখা হয়নি ওল্ড ট্রাফোর্ড টেস্টের ইংল্যান্ড দলে। দুই টেস্টে না খেলেও স্কোয়াডে জায়গা হারিয়েছেন আরেক পেসার গ্রাহাম অনিয়ন্স। ওল্ড ট্রাফোর্ডের উইকেটে বাউন্স ও স্পিন—দুটোই বেশি মেলে। অনিয়ন্সের জায়গায় তাই ফেরানো হয়েছে ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা পেসার ক্রিস ট্রেমলেটকে। ফিনের বদলে বাঁহাতি স্পিনার মন্টি পানেসার।ঘরের টেস্টে সাধারণত ১৩ জনের স্কোয়াড রাখলেও ওল্ড ট্রাফোর্ডের ইংল্যান্ড দল ১৪ জনের। চোটের কারণে কেভিন পিটারসেনকে নিয়ে শঙ্কা থাকায় দলে ফেরানো হয়েছে জেমস টেলরকে। ২৩ বছর বয়সী ব্যাটসম্যান গত আগস্টে দুটি টেস্ট খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ট্রেমলেট সর্বশেষ খেলেছেন গত বছরের জানুয়ারিতে। বৃহস্পতিবার শুরু ওল্ড ট্রাফোর্ড টেস্ট, ২-০-তে এগিয়ে থাকা ইংল্যান্ড মাঠে নামবে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। ওয়েবসাইট।