প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ১২ জুন। কিন্তু হরতালের কারণে দুই দিন পর শুরু হলো সিটিসেল বাস্কেটবল লিগ। ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে কাল উদ্বোধনী খেলায় রেঞ্জার্স ৭৭-৪০ পয়েন্টে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে। আট দলের এই লিগের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব.), পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটিসেলের চিফ অপারেটিং অফিসার ডেভিড লি, হেড অব মার্কেটিং কমিউনিকেশনস তাসলিম আহমেদ প্রমুখ।