আজ বাংলাদেশ দলের সামনে সমীকরণটা পরিষ্কার। পরবর্তী রাউন্ডে যেতে হলে জিততে হবে পাঁচ গোলের ব্যবধানে। বাংলাদেশ কি পারবে? বাংলাদেশ সর্বশেষ কোনো দলকে ৫ গোল দিয়েছে প্রায় ২৬ বছর আগে। ১৯৮৫ সালে ঢাকায় সাফ গেমসে মালদ্বীপকে ৮-০ গোলে হারিয়েছিল, আন্তর্জাতিক ম্যাচে যা বাংলাদেশের সর্বোচ্চ জয়। আরও দুবার ৫-০ গোলে জিতেছে বাংলাদেশ, ১৯৮৪ কাঠমান্ডু সাফ গেমসে নেপাল ও মালদ্বীপের বিপক্ষে। ৪-০ গোলের একমাত্র জয়টি পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সাফ ফুটবলে। আর মাত্র দুবারই প্রতিপক্ষের জালে ৪ বার বল পাঠিয়েছে বাংলাদেশ। ১৯৭৯ সালে আফগানিস্তান ও ২০০৯ সালে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে। অন্যদিকে ৫ বা বেশি গোলের ব্যবধানে হেরেছে ১৭ বার। সর্বোচ্চ ৯-০ গোলে হেরেছে দুবার। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে এবং ১৯৮২ সালে ইরানের কাছে। ১৯৭৫ সালে মারদেকা কাপে হংকংয়ের কাছে ৯-১ গোলে হেরেছে বাংলাদেশ।