নাজমুল আবেদীন
নাজমুল আবেদীন

গুরুবচন

ম্যাথুসের ইনিংসটা আমাদের জন্য উদাহরণ

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ একটু স্বস্তিতেই থাকবে। প্রথম দিন খুব ভালো অবস্থায় থাকলেও শ্রীলঙ্কা আজ সেটি খুব কাজে লাগাতে পেরেছে বলে মনে হয় না। এমন বলার কারণ হলো, দ্বিতীয় দিনের প্রায় আড়াই সেশন খেললেও যে গতিতে ব্যাটিং করলে বাংলাদেশ চাপে থাকতে পারত, সেটি ওরা করেনি। আজ ওদের রান রেট ছিল প্রায় ২.২১। দ্রুতগতিতে রান তোলার যে যে সুযোগটা নষ্ট করেছে, তাতেই বাংলাদেশ একটু স্বস্তি পেয়েছে। বাংলাদেশকে স্বস্তি দেবে ওপেনিং জুটির ব্যাটিং-ও। দিন শেষে উইকেট না হারানো। আরও কিছু রান করে নিজেদের নিরাপদ একটা অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। কালও বলেছিলাম, এমন একটা সময় আসতে পারে, যখন বাংলাদেশ একটু আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে।

অবশ্য আজ ওদের দ্রুতগতিতে রান তুলতে না দেওয়ার কৃতিত্ব আমাদের বোলারদের দিতে হবে। সহজে রান করতে দেয়নি। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসানরা বেশ আঁটসাঁট বোলিং করেছে। পেসাররা হয়তো একটু হতাশ করেছে। উইকেট নিতেই হবে, এমন না। তবে আরেকটু দাপট দেখাতে পারত। একেবারে খারাপ করেনি, তবে ওদের নিয়ে প্রত্যাশাটা বেশি এখন।

১ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি ম্যাথুস।

বাংলাদেশের বোলিংয়ের সবচেয়ে উজ্জ্বল দিক স্বাভাবিকভাবেই নাঈম। ওর উইকেট নেওয়ার মতো ডেলিভারি করার সামর্থ্য আছে। দুই-তিনটি উইকেট এমন দেখেছি, ব্যাটসম্যানরা ধরতেই পারেনি যে বলটা ভেতরে ঢুকবে নাকি সোজা চলে যাবে। এ দ্বিধা-দ্বন্দ্বে ভুগে ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে। এটা যে কোনো স্পিনারের জন্য ‘ডেভিনিটিভ স্কিল’। উইকেটে সহায়তা না থাকলেও এভাবে ব্যাটসম্যানদের ধোঁকা দেওয়ার স্কিলটা কিন্তু দারুণ। নাঈমের মধ্যে সেটি আছে।

অবশ্যই নাঈমের আরও ডিসিপ্লিনড হওয়ার সুযোগ আছে। কিন্তু ওর উইকেট নেওয়ার সামর্থ্যের আরেকটু মূল্যায়ন করা উচিত আমাদের। মেহেদী হাসান মিরাজ ফিট থাকলে তো সেই খেলত, নাঈমের তাই সুযোগ ছিল না। তবে এ ম্যাচ প্রমাণ করে, নাঈম যে কোনো সময় খেলার জন্য প্রস্তুত। হয়তো মিরাজের জন্য নিয়মিত সুযোগ পাচ্ছে না, কিন্তু ওর খেলার ক্ষেত্রটাও তৈরি করে দেওয়া হচ্ছে না। ওর উন্নতিটা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় দলে না হলেও ‘এ’ দলে নিয়মিত খেলাটা জরুরি। সেটি যদি না হয়, যদি মিরাজের ছায়াতেই থেকে যায়, ওর উন্নতিটা ক্ষতিগ্রস্ত হবে আরও। এদিকে খেয়াল রাখতে হবে।  

'অবশ্যই নাঈমের আরও ডিসিপ্লিনড হওয়ার সুযোগ আছে। কিন্তু ওর উইকেট নেওয়ার সামর্থ্যের আরেকটু মূল্যায়ন করা উচিত আমাদের।'

নাঈমের বোলিংয়ের সঙ্গে বলতে হবে অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনিংসের কথাও। এটি আমাদের জন্য উদাহরণ। সাদা বলে বেশ শক্তিশালী ব্যাটসম্যান সে, কিন্তু টেস্টের একেবারে আদর্শ এক ইনিংস খেলল। দরকার পড়লেই খোলসে ঢুকে যাচ্ছে, কোনো ইগো নেই, বোলারকে সম্মান দিয়ে খেলা—টেস্টে বড় রান করতে গেলে এটিই একমাত্র উপায়। হয়তো একটা সুযোগ পেয়েছে, কিন্তু শ্রীলঙ্কাকে এ অবস্থানে আনার মূল অবদান তো ওরই। যারা খেলা দেখছেন, তাদেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে এ ইনিংস থেকে। স্কিল থাকতেই হবে, তবে দীর্ঘ সময় ধরে খেলার ইচ্ছা, টেম্পারামেন্টের যে ব্যাপারটা—এগুলো শিক্ষা। প্রাপ্য হলেও দুর্ভাগ্যজনকভাবে ডাবল সেঞ্চুরিটা পায়নি। তবে ওর মানিয়ে নেওয়ার ব্যাপারটা ব্যাটসম্যানশিপের দারুণ এক উদাহরণ।

এমনিতে উইকেটে আজও খুব বেশি পার্থক্য দেখিনি, যদিও শেষে এসে টার্ন এবং বাউন্স দেখলাম। এটির কারণে স্কোরিং খুব সহজ না হলেও হতে পারে। বল কিছুটা নিচু হচ্ছে বলে ব্যাকফুটে শট দেখার খুব সুযোগ নেই, ফ্রন্ট ফুটেই স্বস্তিবোধ করবে ব্যাটসম্যানরা। তবে টার্নটা স্পিনারদের উৎসাহিত করবে।

'শেষ বেলার ব্যাটিংয়ের ভালো শুরুটা ড্রেসিংরুমের সবাইকেই মানসিক দিক দিয়ে ভালো অবস্থানে রাখবে।'

ম্যাচে নয়টি সেশন বাকি, শ্রীলঙ্কাই এগিয়ে। আগামীকাল সকালে দুই-একটি দ্রুত উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টাই করবে ওরা। তবে বাংলাদেশের ফিরে আসার সুযোগ আছে, কারণ উইকেট এখনো অমন পর্যায়ে এসে দাঁড়ায়নি। এমন স্পিন খেলার সামর্থ্য আছে আমাদের।

শেষ বেলার ব্যাটিংয়ের ভালো শুরুটা ড্রেসিংরুমের সবাইকেই মানসিক দিক দিয়ে ভালো অবস্থানে রাখবে। আমাদের অ্যাপ্রোচ আক্রমণাত্মক ছিল, একটু সাবধানী হওয়া দরকার। অবশ্য প্রায় দুই দিন ফিল্ডিংয়ের পর নিজেকে ধরে রাখা একটু শক্ত। দিনের শেষ মুহূর্তে এসে টেম্পারামেন্ট ধরে রাখা সহজ না। তামিম এরই মধ্যে সুযোগ পেয়েছে, তবে ভালো কিছু শট খেলেছে। তবে আশা করি, কাল নতুন করে শুরু করতে পারবে ভালো একটু ঘুমের পর। ইতিবাচক হওয়াতে ভুল কিছু নেই। তবে যে জুটিটা গড়ে উঠছে সেটি বড় করতে হবে।

সব দিক দিয়ে তৃতীয় দিনটা খুবই চ্যালেঞ্জিং, আবার রোমাঞ্চকর হতে পারে। ম্যাচ এখনো শ্রীলঙ্কার পক্ষেই থাকলেও পরিস্থিতি বদলে যেতে পারে। চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে বলে উইকেটের টার্নের ব্যাপারটি আসবেই। প্রথম ইনিংসেই তাই বড় স্কোর গড়াটা খুবই গুরুত্বপূর্ণ—রান করা, একই সঙ্গে সেশন ধরে লম্বা ইনিংস খেলা। চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে হলেও যাতে বড় লক্ষ্যের চাপ না থাকে। দ্বিতীয় ইনিংসে আমাদের স্পিনাররাও সাহায্য পাবে, তারা কার্যকর হবে। তবে কাল কেমন খেলি, সেটির ওপরই নির্ভর করছে সব।