সবুজের মাঝে কিছু সময়ের জন্য হারিয়ে গেছেন আফ্রিদি
সবুজের মাঝে কিছু সময়ের জন্য হারিয়ে গেছেন আফ্রিদি

ফটোফিচার

লাল গালিচায় এমবাপ্পে, আফ্রিদি সবুজের মাঝে

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
ক্রিস গেইলের পাশের লোকটিকে চিনতে পারছেন? জ্যামাইকার বিখ্যাত গায়ক জিমি ক্লিফ। তাঁর সঙ্গে সাক্ষাতের অনুভূতিটা ছবির ক্যাপশনে জানিয়েছেন গেইল। ক্রিকেট, গান, চলচ্চিত্র নিয়ে আলোচনায় তৃপ্তি যেমন পেয়েছেন, তেমনি এত খ্যাতির পরও ক্লিফের জীবনের গল্পে কষ্টও লেগেছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের
ক্রিস্টিয়ানো রোনালদো কোথায় আছেন? প্রশ্নটার উত্তরে অনুশীলন নয়তো জিম আসার সম্ভাবনা সম্ভবত সবচেয়ে বেশি! এখানেও জিমেই ঘাম ঝরাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড। নতুন মৌসুমের জন্য ঝাঁপাতে হবে না!
গায়ে স্যান্ডো গেঞ্জি, গলায় চেইন। চোখে সানগ্লাস, গায়ে অগণিত ট্যাটু। পরে ঢোলা প্যান্ট...ফুটবলে বিন্দুমাত্রও আগ্রহ নেই, এমন কেউ হয়তো বার্সেলোনার ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইকে র‍্যাপারই ধরে নিতেন!
এত সেজেগুজে সস্ত্রীক কোন অনুষ্ঠানে গেছেন থিবো কোর্তোয়া? উত্তরটা পেছনের সাদা বোর্ডে তাকিয়ে কিছুটা অনুমান করে নিতে পারেন। রিয়াল মাদ্রিদ সতীর্থ দানি কারভাহালের বিয়ের অনুষ্ঠান যে ছিল গতকাল! সেখানেই স্ত্রীকে নিয়ে হাজির রিয়ালের বেলজিয়ান গোলকিপারের পোশাক-আশাক মুগ্ধতাজাগানিয়াই বটে!
ছবিটাতে শচীন টেন্ডুলকারকে খুঁজে বের করতে পারেন? ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের ৩৯তম বর্ষপূর্তি ছিল আজ। বিশ্বকাপ জয়ের সময় দশ বছরের টেন্ডুলকারও রাস্তায় নেমে উদ্‌যাপন করেছিলেন। যদি চিনে না থাকেন, সামনে কোকড়া চুলের ছেলেটিই টেন্ডুলকার। কপিল দেবের হাতে ১৯৮৩ বিশ্বকাপের ট্রফি, পাশে নিজের উদ্‌যাপনের ছবি - সেদিনের স্মৃতিচারণ করে টুইটারে টেন্ডুলকার লিখেছেন, এ দিনেই তিনি নিশ্চিত হয়েছেন তিনি জীবনে কী করতে চান! ভারতের ব্যাটিং কিংবদন্তির সেদিনের সিদ্ধান্তের কাছে ক্রিকেটও সম্ভবত ঋণী
বাবা আবদুল কাদিরের মতো লেগ স্পিনার হলেও বাবার মতো বিখ্যাত তিনি হতে পারেননি। পাকিস্তান দলে ১টি ওয়ানডে আর ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন, এই মুহূর্তে দলের বাইরেই আছেন। তবে সময়টা উসমান কাদিরের কেমন কাটছে, তা ছবিটা দেখেই বোঝা যায়। সন্তানের সঙ্গে আবেগঘন ছবিটি দিয়ে উসমান লিখেছেন, ‘আমার ছোট সংস্করণ! ভালোবাসি তোমাকে, বাবা!’
তাঁর নতুন ব্যবসায় প্রতিষ্ঠান জেব্রা ভ্যালির সঙ্গে চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএ-র। সেটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাল গালিচার সামনে পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে
মেয়েকে নিয়ে প্রকৃতির সবুজে কিছু সময়ের জন্য হারিয়ে গেলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার কোথায় গেছেন ঘুরতে? তাঁর ছবির ক্যাপশনেই সেটি আছে, ‘দারুণ সুন্দর কালাম।’ পাকিস্তানের কালাম ভ্যালির সৌন্দর্য নিয়ে অবশ্য প্রশ্ন তোলার অবকাশ নেই।