নতুন রেকর্ড করলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। পরশু ঘরের মাঠে সার্বিয়া এটিপি ওপেনে রোমানিয়ার আদ্রিয়ান আঙ্গারকে হারিয়ে এ বছর টানা ২৫টি জয় পেলেন এই সার্বিয়ান। এ বছর কোনো ম্যাচ না-হারা জোকোভিচ বছরে সবচেয়ে ভালো সূচনার রেকর্ডে ভাগ বসিয়েছেন সাবেক টেনিস তারকা ইভান লেন্ডলের সঙ্গে। ১৯৮৬ সালে প্রথম ২৫টি ম্যাচেই জিতেছিলেন ৮টি গ্র্যান্ডস্লামজয়ী চেকোস্লোভাকিয়ার লেন্ডল।৭০ মিনিটের কম সময়ে আঙ্গারকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা জোকোভিচের প্রতিপক্ষ স্লোভেনিয়ান ব্লাজ কাভসিচ। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতা ২৩ বছর বয়সী জোকোভিচ পরে শিরোপা জিতেছেন দুবাই ও ইন্ডিয়ান ওয়েলসেও। এএফপি।