
১৯৮২ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় স্পেনে। বিশ্বকাপ আয়োজনে স্পেনের একটি রেকর্ড এখনো পর্যন্ত ভাঙতে পারেনি অন্য কোনো আয়োজক। রেকর্ডটা হলো, বিশ্বকাপের খেলাগুলোকে সর্বাধিক ১৪টি ভেন্যুতে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, ৮২-তে স্পেনের ১৪টি শহরে বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল, যা এখনো পর্যন্ত একটি রেকর্ড হিসেবেই টিকে আছে।
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলের ১২টি শহরে। ২০০২ সালে দুই আয়োজক জাপান ও দক্ষিণ কোরিয়া মিলে ১০টি শহরে বিশ্বকাপ ছড়িয়ে দিতে পেরেছিল।
১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের সব কটি খেলাই অনুষ্ঠিত হয়েছিল রাজধানী মন্টেভিডিওতে। এ জন্য ব্যবহূত হয়েছিল মন্টেভিডিওর তিনটি ভিন্ন স্টেডিয়াম। তবে ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের পর আরও সাতটি বিশ্বকাপ আয়োজিত হলেও স্প্যানিশদের ১৪ শহরের রেকর্ডটা অক্ষুণ্ন্ন থাকাটা অনন্য ব্যাপারই বটে।