এবারের জাতীয় লিগে ৫০ উইকেট হয়ে গেল এনামুল হক জুনিয়রের। কাল চট্টগ্রামে খুলনার অধিনায়ক তুষার ইমরানকে আউট করে মাইলফলকটি ছুঁয়েছেন বাঁহাতি স্পিনার। এনামুল জুনিয়রের ৯ ম্যাচে ৫২ উইকেট। এর আগে জাতীয় লিগে এক মৌসুমে ৫০ উইকেটে পেয়েছেন ৭ বোলার। ২০০০-০১ মৌসুমে ৫৭ উইকেট ছিল চট্টগ্রামের হয়ে খেলা এনামুল হকের (মনি)। ২০০৩-০৪ মৌসুমে তাঁর রেকর্ডটি ভাঙেন আরেক বাঁহাতি স্পিনার সাইফুল্লাহ খান (জেম)। রাজশাহীর হয়ে সাইফুল্লাহ পেয়েছিলেন ৬৩ উইকেট। রেকর্ডটি এখনো টিকে আছে। ৫০ উইকেট পাওয়া বোলারদের মধ্যে মাত্র একজনই পেসার। ২০০৫-০৬ মৌসুমে ৫৭ উইকেট তোলেন সিলেটের হাসিবুল হোসেন (শান্ত)।