
বাঁ হাতের তর্জনিতে পাওয়া চোটের চিকিৎসা করাতে কাল সিঙ্গাপুরে গেছেন জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসান। আজ সেখানে তাঁর বিশেষজ্ঞ হ্যান্ড সার্জনের পরামর্শ নেওয়ার কথা। চিকিৎসকের পরামর্শ পাওয়ার পরই জানা যাবে নুরুলের হাতে অস্ত্রোপচার করাতে হবে নাকি তিনি সুস্থ হতে পারবেন অস্ত্রোপচার ছাড়াই।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে আসেন নুরুল। তাঁর চিকিৎসার ব্যাপারে নেওয়া হয়েছে ইংল্যান্ডের চিকিৎসকের পরামর্শও। ঢাকা থেকে পাঠানো স্ক্যান রিপোর্ট দেখে সেখানকার চিকিৎসক অবশ্য অস্ত্রোপচারেরই পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুরে দ্বিতীয় আরেকটি মত নেওয়ার পর হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অস্ত্রোপচার করাতে হলে একবারে তা করেই দেশে ফিরবেন নুরুল। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও তাঁর সঙ্গে সিঙ্গাপুর গেছেন।
ঢাকায় বিসিবির আরেক চিকিৎসক মনজুর হোসেন জানিয়েছেন, অস্ত্রোপচার না হলেও নুরুলের হাড়ের চিড় জোড়া লাগতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। অস্ত্রোপচার করালে সুস্থ হতে আরও বেশি সময় লাগতে পারে। সব ঠিক থাকলে এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি অনুশীলনে ফিরবেন।
গত ৩১ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েই দুঃসংবাদটা পেয়েছিল বাংলাদেশ দল। আঙুলের চোটের কারণে গোটা জিম্বাবুয়ে সফর থেকেই ছিটকে যান টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান। হারারেতে পেসার হাসান মাহমুদের একটি বল ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন নুরুল। তাঁর বদলে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেন মোসাদ্দেক হোসেন।
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। নুরুলের সেরে উঠতে তিন সপ্তাহ লাগলে তাঁর এ টুর্নামেন্টে খেলা শঙ্কার মুখে পড়বে।