ফটো ফিচার

সৌদিতে মেসিদের অভ্যর্থনা, আর সিএনজিতে মার্কিন ক্রিকেটার

ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে খেলতে লিওনেল মেসি আছেন সৌদি আরবে। কিংবদন্তি এলটন জনের সংগীতে মজেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা স্টিভ স্মিথ। সিএনজিতে চড়ছেন মার্কিন ক্রিকেটার অ্যারন জোনস। এক মাসের ব্যবধানে আরেকটি শিরোপা উৎসব লাউতারো মার্তিনেজের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
ছেলের জন্মদিন পালন করছেন জর্দি আলবা। এই ছবিটি দিয়ে বার্সার স্প্যানিশ তারকা ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন ছেলে। ধীরে ধীরে তুমি বড় হচ্ছ, আর আমরাও তোমার সম্পর্কে আরও অনেক কিছু জানছি। তুমি আমাদের অনেক আনন্দ দিয়েছ। আমরা তোমাকে অনেক ভালোবাসি’
এই ছবিটি দিয়ে এ বছর নিউইয়র্কে মেট গালা উপস্থাপনা করার ঘোষণা দিয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। তাঁর সঙ্গে সহ–উপস্থাপক হিসেবে থাকবেন ডুয়া লিপা, মিকায়েলা কোয়েল, পেনেলোপে ক্রুজ এবং আনা উইন্টোর
বিশ্বকাপে ছন্দে না থাকায় সমালোচনার মুখে ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। সে সময় দলে হারিয়েছিলেন জায়গাও। তবে ইন্টার মিলানের জার্সিতে ফের উড়তে শুরু করেছেন এ স্ট্রাইকার। ইতালিয়ান সুপারকাপের ট্রফি জেতার পথে করেছেন গোলও। ছন্দে ফিরে শিরোপা উদ্‌যাপনটা দারুণ হয়েছে মেসির এই সতীর্থের
‘সুখী মুহূর্তগুলো যা আমরা পুনরুজ্জীবিত করতে চাই’—এই ক্যাপশন দিয়ে ছবিটি পোস্ট করেছেন ভিসেল কোবের স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা
কিংবদন্তি সংগীতশিল্পী এলটন জনের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ ও তাঁর স্ত্রী দানি উইলিস। এই ছবির ক্যাপশনে স্মিথ লিখেছেন, ‘অসাধারণ রাতের জন্য ধন্যবাদ এলটন জন। আমি এবং দানি উইলিস সংগীত কিংবদন্তির গান দারুণ উপভোগ করেছি। অবিশ্বাস্য প্রাণশক্তি’
সৌদি আরবের রিয়াদে পৌঁছেই ফুলেল অভ্যর্থনা পেয়েছেন লিওনেল মেসি। আজ রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে খেলতে নামবেন এই আর্জেন্টাইন মহাতারকা
বিপিএলে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের প্রতিনিধি অ্যারন জোনস। রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসে এখন চট্টগ্রামে অবস্থান করছেন এই মার্কিন ক্রিকেটার। সুযোগ পেয়ে সিএনজিচালিত অটোরিকশায়ও চড়ে নিলেন জোনস। ক্যাপশন দিয়েছেন, ‘যখন এশিয়ায়’