ডারউইনে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের সামনে বড় প্রশ্ন: অ্যালেক্স ক্যারি ব্যাট করবেন কোথায়? উত্তরটা খোদ ক্যারির কাছেও স্পষ্ট নয়।
সর্বশেষ এক বছরে ছয় নম্বর ও সাত নম্বরে নেমে দারুণ করেছেন অস্ট্রেলিয়ার ৩৪ বছর বয়সী উইকেটকিপার। ২০২৫ সালের শুরু থেকে তাঁর ব্যাটিং গড় ৪৭শ, যা তাঁর ক্যারিয়ার গড় ৩৫.৮৯-এর চেয়ে বেশ ভালো।
গত বছর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ১৫৬ এবং ডিসেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ ও ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস দুটি তাঁর সাম্প্রতিক ফর্মের বড় প্রমাণ। ছয় নম্বরে সবশেষ ছয় ইনিংসে তাঁর গড় ৮০.৭৫!
কিন্তু উসমান খাজার অবসরে চার নম্বরের নিচে গোটা মিডল অর্ডারই এখন এলোমেলো। স্টিভ স্মিথ যথারীতি চারে খেলবেন, কিন্তু পাঁচ থেকে সাতের মধ্যে বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস আর ক্যারির তিনজনকে খেলাতে পারবে অস্ট্রেলিয়া।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যারি খোলাখুলিই বললেন, ‘এখনো ঠিক হয়নি (ব্যাটিং অর্ডার)। আমরা এখনো তিন দিন দূরে আছি, আগামী তিন দিনে আরও তথ্য পাব। দুই অলরাউন্ডার, ইঙ্গো আর আমি, অনেক অপশন আছে। আমরা সবাই মিডল অর্ডারে থাকব, এটুকু বলতে পারি। পাঁচ থেকে সাতের মধ্যেই আমি নামব।’ ক্যারি জানিয়েছেন, ব্যাটিংয়ে তাঁর উন্নতির পেছনে বড় কারিগর কোনো টেকনিক্যাল বদল নয়, বরং মানসিকতা।
কিপিং দায়িত্বের পাশাপাশি সামনের ১২ মাসে ২১টি পর্যন্ত টেস্ট খেলার কথা তাঁর, যা হতে পারে অস্ট্রেলিয়ার কোনো উইকেটকিপারের জন্য এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ক্যারি অবশ্য বলছেন, তিনি চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছেন। সর্বশেষ মিরপুরেই বাংলাদেশের মাঠে তিন ওয়ানডেতে খেললেও এখনো বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্ট খেলেননি ক্যারি।
বাংলাদেশ আপাতত আশা করবে, ক্যারি যেন নিজের ফর্মটা ‘ক্যারি’ করতে না পারেন!