লিওনেল মেসি
লিওনেল মেসি

মেসিকে থামানোর উপায় জানে সুইজারল্যান্ড

বড় ম্যাচের আগে প্রতিপক্ষের প্রশংসা—এটা নতুন কিছু নয়। কিন্তু সেই প্রশংসার আড়ালেও থাকে পরিকল্পনা, থাকে আত্মবিশ্বাসের ছাপ। আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে সুইজারল্যান্ড দলের ভেতরের অবস্থাও অনেকটা সে রকম।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে প্রশংসায় ভাসালেও সুইস খেলোয়াড়েরা মনে করছেন, বর্তমান চ্যাম্পিয়নদের হারানোর পথও তাঁরা খুঁজে পেয়েছেন। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অঘটন ঘটানো সম্ভব বলেও বিশ্বাস তাঁদের।

সুইস মিডফিল্ডার দেনিস জাকারিয়া আর্জেন্টিনাকে এ মুহূর্তে বিশ্বের সেরা দল এবং মেসিকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলে মনে করেন। তবে মাঠের লড়াইয়ে মহাতারকাকে থামানোর মতো সামর্থ্য ও যোগ্য খেলোয়াড় তাঁদের দলে আছে বলেও হুংকার দিয়ে রেখেছেন তিনি।

সংবাদ সম্মেলনে জাকারিয়া বলেছেন, ‘ওদের হারাতে চাইলে আমাদের খুব ভালো পারফর্ম করতে হবে। মেসির মতো খেলোয়াড়কে থামানো সব সময়ই কঠিন। কিন্তু আমি মনে করি, সেটা করার মতো মান ও খেলোয়াড় আমাদের আছে।’

কাল আরও একবার এমন উদযাপন করতে চায় সুইসরা

এবারের বিশ্বকাপের নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেওয়া দলটি এখানেই থেমে থাকতে চায় না বলে জানান ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল করেছেন মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ে দারুণ ভূমিকা ছিল তাঁর। ম্যাচের মাত্র ১১ মিনিট বাকি থাকতেও ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা, সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসিকে থামানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে জাকারিয়ার বিশ্লেষণ, মাঠে মেসির চলাফেরার স্বাধীনতাই তাঁকে আরও বিপজ্জনক করে তোলে। তবে আর্জেন্টিনাকে হারাতে হলে শুধু মেসিকে আটকে রাখার চিন্তায় সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং পুরো দলকে সম্মিলিতভাবে রুখতে হবে।

জাকারিয়ার ভাষায়, ‘আমরা জানি, মেসি বিশ্বের সেরা বা সেরাদের একজন। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা শুধু মেসির দল নয়। অন্য খেলোয়াড়েরাও ভালো। তাই শুধু মেসিকে নিয়ে ভাবলে হবে না।’

সুইজারল্যান্ড ম্যাচের জন্য কী পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি

দলের সতীর্থ ও ফরোয়ার্ড জেকি আমদুনিও একই সুরে কথা বলেছেন। মেসির প্রতি গভীর শ্রদ্ধা জানালেও প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতা খুঁজে পেয়েছেন বলে দাবি তাঁর। আমদুনি বলেছেন, ‘আমরা তাদের খেলা বিশ্লেষণ করেছি, এখনো করছি। আমার মনে হয়, সুযোগ আছে। আমরা আজ এখানে আছি; কারণ, আমরাও তাদের আঘাত করতে পারি।’

এদিকে কোয়ার্টার ফাইনালের আগে জার্মান টেলিভিশনে এক মন্তব্য করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন জার্মানির সাবেক গোলরক্ষক জেন্স লেমান। তাঁর দাবি, সুইস খেলোয়াড়েরা নাকি মেসিকে বড্ড বেশি সম্মান দেখাচ্ছেন এবং তাঁরা কেবল ম্যাচ শেষে মেসির জার্সিটা নিয়েই মাঠ ছাড়তে চান।

লেমানের এমন খোঁচাকে অবশ্য মাঠের লড়াইয়ে টেনে আনছেন না আমদুনি। তাঁর সাফ কথা, ‘মেসি দারুণ একজন খেলোয়াড়, সবচেয়ে সেরা। ছোটবেলায় সবারই কোনো না কোনো আইডল থাকে। কিন্তু তাদের বিপক্ষে খেলা ভিন্ন বিষয়। আমরা মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দেব এবং আর্জেন্টিনাকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করব।’