
>জাস্টিন ল্যাঙ্গারের গোমর ফাঁস হয়ে গেছে। বল টেম্পারিং-কাণ্ডের ছায়া কাটাতে যাকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ল্যাঙ্গারই একসময় প্রতারণা করেছিলেন টেস্টের মঞ্চে!
অস্ট্রেলীয় ক্রিকেটের হারানো সম্মান ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে কোচের পদে বসেছেন জাস্টিন ল্যাঙ্গার। বল টেম্পারিং-কাণ্ডে এলোমেলো অস্ট্রেলীয় দলকে সঠিক পথে ফেরাবেন অভিভাবকের ভূমিকায়। কিন্তু ল্যাঙ্গার নিজেও কি খেলোয়াড়ি জীবনে কলঙ্কমুক্ত ছিলেন? ২০০৪ সালের একটি ঘটনা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অস্ট্রেলিয়ার সাবেক এই বাঁ হাতি ওপেনার প্রতারণার আশ্রয় নিয়েছিলেন টেস্ট ক্রিকেটের মঞ্চেই!
সেই ঘটনাটির জন্য কোনো শাস্তি পেতে হয়নি তাঁকে। কিন্তু তিনি যা করেছিলেন, সেটি ছিল যথেষ্ট গর্হিত। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে তিনি হাতের আলতো ছোঁয়ায় স্ট্যাম্প থেকে বেল ফেলে দাবি করেছিলেন ব্যাটসম্যান আউট। টেলিভিশন রিপ্লেতে সেই ঘটনা ভালোভাবে ধরা পড়লেও ল্যাঙ্গারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শ্রীলঙ্কা সেই সময় ব্যাটিং করছিল। ৫ উইকেটে ২৭৬ রান নিয়ে লঙ্কানরা তখন অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ছিল ১২৫ রানে। ব্যাটসম্যান তখন গার্ড নিচ্ছিলেন। ঠিক সে সময়ই ল্যাঙ্গার তাঁর পেছন দিয়ে গিয়ে হাতের আলতো ছোঁয়ায় স্ট্যাম্পের বেল ফেলে দিয়েছিলেন। খুব সূক্ষ্ম প্রক্রিয়ায় তিনি তাঁর কাজটি করেছিলেন। সে কারণেই মাঠের আম্পায়ারদের দৃষ্টি তিনি এড়িয়ে গিয়েছিলেন। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জিতেছিল ১২১ রানে।
২০০৭ সালে খেলা ছাড়ার পর থেকে তিনি কোচ হিসেবে কাজ শুরু করেন। পশ্চিম অস্ট্রেলিয়া ও পার্থ স্করচার্সের হয়ে তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও কোচ হিসেবে সাফল্য পেয়েছেন। টেস্টে সাড়ে সাত হাজার রান আর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮ হাজার রান করা এই বাঁ হাতি ব্যাটসম্যান ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথম পছন্দ।
ফেসবুকে ল্যাঙ্গারের সেই ঘটনাটির একটি ভিডিও পোস্ট করেছেন আশি ও নব্বইয়ের দশকে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলে যাওয়া জনপ্রিয় লঙ্কান ক্রিকেটার অথুলা সামারাসেকেরা। শ্রীলঙ্কার হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা সামারাসেকেরা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আশা করছি জাস্টিন ল্যাঙ্গার এখন আগের চেয়ে অনেকটাই পরিপক্ব ও পরিবর্তিত মানুষ।