এখন অস্বীকার করছেন রমিজ রাজা
এখন অস্বীকার করছেন রমিজ রাজা

আইপিএল নিয়ে মন্তব্য করে এখন অস্বীকার রমিজের

‘পিএসএল যদি নিলামের মডেলে যায়, তাহলে দেখব কে পিএসএল ছেড়ে আইপিএলে খেলতে যায়’—কিছুদিন আগে আইপিএল ও পিএসএলের তুলনা করতে গিয়ে এমন কথাই বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। তাঁর এই মন্তব্য বিতর্ক ছড়িয়েছে। কিন্তু কয়েক দিন না যেতেই রমিজ নিজেই নিজের মন্তব্য অস্বীকার করে বলেছেন, তাঁর বক্তব্য একটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি কেবল বলেছিলেন, পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টটিতে নিলাম চালু হলে আর নিলামে অর্থ বাড়লে পিএসএল খুব তাড়াতাড়িই আইপিএলের কাতারে উঠে যাবে।

পিএসএলে নিলাম মডেল চালু করতে চান রমিজ রাজা

রমিজ রাজা সে সময় বলেছিলেন, ‘এটা পুরোপুরি টাকার খেলা। পাকিস্তানের ক্রিকেট অর্থনীতি বড় হলে, সেটি আমাদেরই সম্মান বাড়াবে। সবচেয়ে বড় ব্যাপারই হচ্ছে পাকিস্তান সুপার লিগের অর্থনীতির প্রবৃদ্ধি। আমরা যদি নিলাম মডেলে যাই, টাকার অঙ্ক বাড়াই, তাহলে পিএসএল আইপিএলের শ্রেণিতে চলে যাবে। তখন দেখব কে পিএসএল বাদ দিয়ে আইপিএলে খেলতে যায়।’

এখন নিজের মন্তব্য বিকৃত হয়েছে দাবি করে রমিজ বলেছেন, ‘আমি তো ভারত–পাকিস্তানের অর্থনীতির পার্থক্যটা বুঝি। আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাকিস্তানের ক্রিকেট অর্থনীতির উন্নতি করতে চাই আমরা। সুপার লিগকে আরও জমজমাট ও অর্থনৈতিকভাবে লাভজনক করতে চাই। আমরাও নিলাম মডেল নিয়ে আসব। কিন্তু আমি কখনোই বলিনি, পিএসএলে নিলাম চালু হলে কেউ আইপিএলে যাবে না।’