
আবুধাবিতে শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। রহমত শাহ করেছেন ৭২। আজ হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে হাথুরুর শ্রীলঙ্কাকে।
চন্ডিকা হাথুরুসিংহে খসখস করে কী যেন লিখছেন। ম্যাচের মাঝে তিনি নিশ্চয়ই নতুন করে পরিকল্পনা করতে বসেননি। তবে হাথুরুর কপালে চিন্তার ভাঁজ পরিষ্কার। পরশু বাংলাদেশ তো নিয়েছেই। আজ আফগান ব্যাটসম্যানরাও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাঁর বোলারদের দিকে। আফগানিস্তানকে আটকাতে হলে কী করতে হবে, হয়তো দ্রুত সেটির ছক কষছিলেন। কিন্তু তাঁর ছাত্ররা পুরোপুরি সেটি কাজে লাগাতে পারলেন কোথায়? এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ঠেকাতে আজ আবুধাবিতে শ্রীলঙ্কাকে করতে হবে ২৫০ রান।
মন্থর উইকেট, বল ব্যাটে আসছে ধীরে। ডট বলের সংখ্যা বাড়লে বাড়ুক, বাউন্ডারি মেরে পুষিয়ে দেওয়া যাবে—আফগান ব্যাটসম্যানরা হয়তো এ পরিকল্পনা নিয়েই নামেন আজ। ১৭ ওভারে আফগানিস্তানের স্কোর ১ উইকেটে ৭৬। এই ১৭ ওভারে আফগান ব্যাটসম্যানরা ডটই খেলেছেন প্রায় ১১ ওভার! পুরো ৫০ ওভারে ডট খেলেছেন প্রায় ২৬ ওভার। যদিও আফগানিস্তানের ভালো শুরু এনে দিয়েছে মোহাম্মদ শেহজাদ-ইহসানউল্লাহর ওপেনিং জুটি। দুজনের ৫৭ রানের ভালো শুরু এনে দেওয়ার পর সেটি ধরে রাখার ব্রত নিয়ে ব্যাটিং করেছেন রহমত শাহ। রহমতের দ্বিতীয় উইকেটে ইহসানউল্লাহর সঙ্গে গড়েছেন ৫০ রানের জুটি।
রহমতের জমেছে আসলে হাসমতউল্লাহ শাহিদির সঙ্গে। তৃতীয় উইকেটে দুজনের ৮০ রানের জুটিই আফগানিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর পেতে সহায়তা করেছে। দুশমন্থ চামিরার বলে থিসারা পেরেরার ক্যাচ হওয়ার আগে রহমত করে গেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৭২। রহমত অবশ্য থেমে যেতে পারতেন ৫৬ রানে, লাসিথ মালিঙ্গা যদি তাঁর ফিরতি ক্যাচটা নিতে পারতেন। শ্রীলঙ্কান ফিল্ডারদের হাত ভীষণ পিচ্ছিলই হয়ে উঠেছে। কঠিন তো বটে, সহজ ক্যাচও নিতে বেগ পেতে হচ্ছে তাঁদের!
রহমত শাহ ফিরে যাওয়ার পর শ্রীলঙ্কার সুযোগ ছিল আফগানিস্তানকে আরও কম রানে আটকে ফেলার। সেটিতে তাঁরা সফল হতে পারেননি। শেষ ৪৮ বলে আফগানরা তুলেছে ৫৬ রান। শেষ দিকে ঝড় তুলতে গিয়ে আফগানরা অবশ্য নিয়মিত উইকেট হারিয়ে অলআউট হয়েছে ইনিংসের একদম শেষ বলে। আর এতে লাভবান হয়েছেন থিসারা। পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট। শুরুর দিকে ভালো না করতে পারলেও আফগানিস্তানের লেজের ব্যাটসম্যানদের তুলে নিয়েছেন অনায়াসে। শেষ ৩ ওভারে আফগানিস্তানের যে ৪ উইকেট পড়েছে, প্রতিটিই থিসারার। ৯ ওভার বোলিং করে ৫৫ রানে পেয়েছেন ৫ উইকেট।
থিসারা সফল হলেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে লঙ্কান ব্যাটসম্যানদের। মন্থর উইকেটে তাঁদের চ্যালেঞ্জ জানাতে আসছেন রশিদ খান-মুজিব উর রহমানের মতো দুর্দান্ত স্পিনার। আফগানিস্তানের দেওয়া ২৫০ রানের লক্ষ্যটা পেরোতে ব্যাটিং অসাধারণ কিছুই করতে হবে শ্রীলঙ্কাকে। না হলে কালই দেশে ফেরার বিমান ধরতে হবে হাথুরুর দলকে।