ইয়ান হিলির ছেলে

ইয়ান হিলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সেই ১৯৯৯ সালে। তবে ১৫ বছর পর আরেক হিলিকে পেয়ে গেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা সফরের জন্য অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন ইয়ান হিলির ছেলে টম হিলি। বাবার মতো টমও উইকেটকিপার-ব্যাটসম্যান। আগামী মাসে পাঁচটি এক দিনের ম্যাচ ও একটি তিন দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় আসছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। এ জন্য গতকাল ঘোষিত ১৫ সদস্যের দলে টম হিলির সঙ্গে ডাক পেয়েছেন এ বছর অস্ট্রেলিয়ার জাতীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় জ্যাক উইন্টার ও সর্বোচ্চ উইকেটশিকারি কাইল স্ক্রাইমগুর। টুর্নামেন্টে অলরাউন্ডার স্ক্রাইমগুর অপরাজিত ২০০ রানের একটা ইনিংস খেলেছেন। দলে টম ছাড়া আরও একজন উইকেটকিপার-ব্যাটসম্যান আছেন, স্যাম হার্পার। একাদশে জায়গা পেতে জুনিয়র হিলিকে তাই লড়াই করতে হবে। আইএনএস।