
>টেস্ট অধিনায়ক হিসেবে এই প্রথমবারের মতো অপরিবর্তিত দল মাঠে নামিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
টেস্টে বিরাট কোহলির নেতৃত্বের খেরোখাতা দেখলে একটি ব্যাপারে খটকা লাগবেই। প্রতি ম্যাচেই দল গঠনে তাঁর পরীক্ষা-নিরীক্ষা করতেই হবে। আর তাই প্রতিবারই মাঠে নামিয়েছেন আলাদা একাদশ। চার বছর ধরে এই অভ্যাসটা ধরে রেখেছিলেন ভারতীয় অধিনায়ক। কিন্তু এবার তাতে ছেদ পড়ল। সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ভারতীয় দলে যে কোনো পরিবর্তন নেই!
বিস্মিত হওয়ার মতো খবরই বটে। ২০১৪ সালে টেস্ট নেতৃত্ব পাওয়ার পর শুরুর ৩৮ ম্যাচেই আলাদা আলাদা একাদশ মাঠে নামিয়েছেন কোহলি। প্রতি ম্যাচেই দলে অন্তত একটি দলেও পরিবর্তন এনেছেন। কিন্তু সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে শুরু হওয়া চতুর্থ টেস্টে দেখা গেল ভিন্ন চিত্র। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে যে দলটা মাঠে নেমেছিল, সাউদাম্পটনেও সেই একই দল। ট্রেন্ট ব্রিজে ২০৩ রানের জয়ই বোধ হয় কোহলির এত দিনের অভ্যাসটা পাল্টে দিয়েছে।
প্রশ্নটা তাই এখন উঠতেই পারে। টেস্টে সর্বোচ্চ কত ম্যাচ পর অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর রেকর্ড রয়েছে? কোহলি কিন্তু তালিকাটির দুইয়ে। ৩৮ ম্যাচ পর অপরিবর্তিত দল খেলাচ্ছেন ভারতীয় অধিনায়ক। অর্থাৎ টেস্ট অধিনায়ক হিসেবে নিজের ৩৯তম ম্যাচে কোহলি তাঁর দল অপরিবর্তিত রেখেছেন। গ্রায়েম স্মিথ অবশ্য তাঁর চেয়েও এক কাঠি সরেস। দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক টেস্টে অপরিবর্তিত দল খেলিয়েছেন ৪৩ ম্যাচ পর। এই তালিকায় তৃতীয় সৌরভ গাঙ্গুলি (২৮ ম্যাচ পর), চতুর্থ ইনজামাম-উল-হক (২৪ ম্যাচ পর) ও পঞ্চম ড্যারেন স্যামি (২৪ ম্যাচ পর)।
সাউদাম্পটন টেস্টে আজ প্রথম দিনে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৯।