এ নিয়ে কুড়িবার এলবিডব্লু হলেন তামিম
এ নিয়ে কুড়িবার এলবিডব্লু হলেন তামিম

এলবিডব্লুর ফাঁদ এড়াতে পারছেন না তামিম

এ নিয়ে কুড়িবার!

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি এলবিডব্লুর শিকার হয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও ফজল হক ফারুকির বলে এলবি হয়েছিলেন, আজও ফারুকির পাতা ফাঁদে আবারও পা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে মোট ২০ বার এলবিডব্লু হয়ে ফিরলেন তামিম। বাংলাদেশের পক্ষে এটি সর্বোচ্চ।

আজও ফজল হকের বলেই ফিরেছেন তামিম

যেকোনো বাঁ হাতি পেসারকে খেলতে গিয়ে তামিম প্রায় সব সময়ই বাঁ পা-টা আড়াআড়ি নিয়ে খেলেন। বেশির ভাগ ক্ষেত্রেই ডান পাশের চোখ দিয়ে বলটা দেখতে হয়, যেটি কিছুটা অসুবিধাই সৃষ্টি করে। বলের পেছন থেকে না খেলে পাশ থেকে খেলতে হয়। এ কারণে বল একটু মুভমেন্ট করলেই ব্যাট ফাঁকি দেওয়ার ঝুঁকি থাকে। এটাই হয়তো তাঁর কুড়িবার এলবির শিকার হওয়ার মূল কারণ।

এ তালিকায় বাংলাদেশ দলে তামিমের পেছনেই আছেন মুশফিকুর রহিম। তিনি ১৭ বার এলবিডব্লু হয়েছেন। ১৬ বার এলবি হয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাকিব আল হাসানও ১৬বার এলবি হয়েছেন। সাকিবের পরের অবস্থানেই আছেন মাহমুদউল্লাহ—১৫বার। এর পরের চারটি স্থানে যাঁরা আছেন, তাঁরা সবাই সাবেক ক্রিকেটার। খালেদ মাসুদ (১৩) হাবিবুল বাশার (১১), আফতাব আহমেদ (১০), অলক কাপালি (১০) ও শাহরিয়ার নাফীস (১০)।