
>ইংল্যান্ডের মাটিতে ভারতের সিরিজ হার নিয়ে টুইটারে ‘ট্রল’ করেছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। তাঁকে কড়া জবাবই দিয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা
কেনিংটন ওভালে কাল থেকে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। এ ম্যাচে ভারত শুধু সিরিজ হারের ব্যবধানই কমাতে পারে। ৩-১ ব্যবধানে সিরিজটা আগেই নিশ্চিত করেছে ইংল্যান্ড। সাউদাম্পটনে চতুর্থ টেস্টে চতুর্থ দিনে হেরেছে বিরাট কোহলির দল। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। রসিকতাও কম হচ্ছে না। রাসেল আর্নল্ডের তেমনই এক রসিকতার জবাবে ‘ইটের বদলে পাটকেল’ মেরেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
ঘটনাটা এমন। সাউদাম্পটন টেস্টে ভারত চার দিনের মধ্যে হেরে যাওয়ার পর কোহলির দলকে উদ্দেশ করে ‘ট্রল’ করেন আর্নল্ড। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার ও ধারাভাষ্যকারের টুইট, ‘টেস্ট ম্যাচ এখনো পাঁচ দিনের খেলা, তাই না?’ আর যায় কোথায়! টুইটে হামলে পড়েন ভারতের ক্রিকেটপ্রেমীরা। আর্নল্ড যেন এই টুইট করে ভুলই করেছেন!
এশিয়া কাপের প্রসঙ্গ তুলে আর্নল্ডের টুইটে তেমনই একজনের জবাব, ‘আমার মনে হয় শ্রীলঙ্কা গ্রুপপর্ব থেকেই বাদ পড়বে। বাংলাদেশ অবশ্যই তাদের হারাবে...রশিদ ও মুজিব সেরা ফর্মে থাকলে আফগানিস্তানও চমকে দিতে পারে। তারপরও ওরা (শ্রীলঙ্কা) স্বস্তিতে থাকবে যে রোহিত শর্মা—ছোট দলগুলোর ঘাতকের মুখোমুখি হতে হচ্ছে না।’
রোহিতের প্রসঙ্গ টেনে আনার কারণ চার বছর আগে কলকাতার সেই ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ৫ উইকেটে ৪০৪ রান তুলেছিল ভারত, যেখানে রোহিত একাই করেছিলেন ২৬৪। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল ২৫১ রানে। এই ম্যাচের প্রসঙ্গ তুলেই ভারতের আরেক ভক্তের পাল্টা জবাব, ‘ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর ২৬৪, তাই না? ‘হিটম্যান’-এর চেয়ে ১৩ রান কম করেছিল শ্রীলঙ্কা। মনে আছে?’
১৫ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেই রেখেছেন, এশিয়া কাপে ভালো শুরু ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের দু-একজন ক্রিকেটপ্রেমী তাহলে এশিয়া কাপে বাংলাদেশ দলের ভালো শুরুই দেখছেন!