
>নারী ক্রিকেট দলের ম্যানেজার জাভেদ ওমরের বিরুদ্ধে আইসিসি কোনো অভিযোগ করেনি, দাবি বিসিবির।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার জাভেদ ওমরের বিরুদ্ধে আইসিসি কোনো অভিযোগ করেনি বলে দাবি করেছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজ বলেছেন, আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) তাদের এরকম কিছু জানায়নি।
এর আগে বিসিবির একটি সূত্র জানায়, জাভেদের বিরুদ্ধে বিশ্বকাপের সময় বাংলাদেশ নারী দলের বিভিন্ন তথ্য ফাঁস করার অভিযোগ করেছে আইসিসি। আইসিসি নাকি বিসিবিকে পরামর্শ দিয়েছে, জাভেদকে যেন ভবিষ্যতে ক্রিকেট বোর্ডের কোনো ধরনের কর্মকান্ডে না রাখা হয়।
কিন্তু নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'আইসিসি আমাদের এই বিষয়ে কিছুই জানায়নি। বিষয়টি মিডিয়ায় কীভাবে এসেছে তাও আমরা অবগত নই। এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগও (আকসুর) হয়নি।'
জাভেদ ওমরও আইসিসির এমন অভিযোগর কথা শুনে অবাক হয়েছেন। শুরুতে তিনি কোনো মন্তব্য করতে রাজী না হলেও পরে বলেছেন, 'আমি নিজেই কিছু জানি না। যেহেতু বিসিবির প্রধান নির্বাহীই জানেন না, আমি আর কী বলব? আমি এসবের সঙ্গে জড়িত নই।'