আগের ম্যাচে বিতর্কিত রানআউটের শিকার হয়ে ১২ রানেই ফিরেছিলেন এড জয়েস। আয়ারল্যান্ড ওপেনার কাল সেই ঝালটা মেটালেন রেকর্ড বইয়ে নাম লিখিয়ে। বেলফাস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের ২৬৫ রানের ১৬০-ই করেছেন জয়েস। শতকরা হিসাবে যা ৬০.৩৭। শতকরা হিসাবে ওয়ানডেতে কোনো সহযোগী সদস্যদেশের সর্বোচ্চ ইনিংস এটি। জয়েস পেছনে ফেলেছেন কেনিয়ার কেনেডি ওটিয়ানোকে (৫৬.৫৫%)।
জয়েসের অপরাজিত ১৬০ রানের ইনিংসটি সহযোগী সদস্যদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও। তাঁর চেয়ে বড় ইনিংস খেলেছেন শুধু আয়ারল্যান্ডে পল স্টার্লিং (১৭৭) ও স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকলাউড (১৭৫)। ১১৯ বলে সেঞ্চুরি ছোঁয়া জয়েস শেষ ২৯ বলে করেছেন ৬০ রান। তাঁর ১৪৮ বলের ইনিংসটা সাজানো ১৯ চার ও ৩ ছয়ে।